টাঙ্গাইলের আটটি আসন 

সাতটিতে আ.লীগ–স্বতন্ত্র লড়াই 

এই দুই দিনেই অন্তত তিনটি আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুরসহ হামলার ঘটনা ঘটেছে। এতে বাড়ছে উত্তেজনা। 

জাতীয় সংসদ নির্বাচন
প্রতীকী ছবি

টাঙ্গাইলে আটটি সংসদীয় আসনের মধ্যে ছয়টিতেই স্বতন্ত্র প্রার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এসব স্বতন্ত্র প্রার্থী সবাই আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতা। দলীয় মনোনয়ন না পেয়ে তাঁরা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। 

গত সোমবার প্রতীক পাওয়ার পর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এই দুই দিনেই অন্তত তিনটি আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুরসহ হামলার ঘটনা ঘটেছে। উত্তেজনা সৃষ্টি হয়েছে বিভিন্ন নির্বাচনী এলাকায়। 

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। এ আসন থেকে তিনি এর আগে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ছাড়াও আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাঁর দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হননি। 

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনুস ইসলাম তালুকদার। তিনি সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত সেপ্টেম্বরে গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার ভূঞাপুরে ইউনুস ইসলামের নির্বাচনী সভায় এবং গাড়ির বহরে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য ইউনুস ইসলাম আওয়ামী লীগ প্রার্থী তানভীর হাসানের অনুসারীদের দায়ী করেন। এদিকে গোপালপুর উপজেলার ঝাওয়াইলে তানভীর হাসানের নির্বাচনী কার্যালয়ে গত মঙ্গলবার ভাঙচুর ও নির্বাচনী খরচের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য তানভীর হাসান, ইউনুস ইসলামের সমর্থকদের দায়ী করেছেন। 

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কামরুল হাসান খান। বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে আমানুর রহমান খান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আমানুর এ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কামরুল উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এদিকে আমানুর তাঁর অনুসারীদের নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন। গত বুধবার আমানুর সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, গত সোমবার সংগ্রামপুর ইউনিয়নের দেওজানা বাজার ও ফকির চালা বাজারে তাঁর কার্যালয়ে নৌকার সমর্থকেরা ভাঙচুর করেন। তাঁদের হামলায় কয়েকজন আহতও হন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম জানান, তাঁদের কোনো নেতা–কর্মী আমানুরের নির্বাচনী কার্যালয়ে হামলা করেননি। 

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খান মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগের অনেক নেতা–কর্মী দলীয় প্রার্থীর পক্ষে না থেকে লতিফ সিদ্দিকীর নির্বাচন করছেন। ফলে চাপে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। এ ছাড়া এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের মেয়ে সারওয়াত সিরাজ। 

টাঙ্গাইল-৫ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মামুন অর রশীদ। মনোনয়ন না পেয়ে মুরাদ সিদ্দিকীও স্বতন্ত্র নির্বাচন করছেন। ছানোয়ার হোসেন অভিযোগ করেছেন, বাঘিল ও চাকতায় তাঁর নির্বাচনী কার্যালয়ে নৌকা মার্কার সমর্থকেরা হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মীদের মারপিট করেছেন। 

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি তারেক শামস্ খান। এ আসনের দুই উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা স্বতন্ত্র প্রার্থী তারেকের নির্বাচন করছেন।  

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ পর্যায়ের সব নেতারা এনায়েত হোসেনের পক্ষে অবস্থান নিয়েছেন।  

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সম্পাদক জোয়াহেরুল ইসলাম দলীয় মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। এ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে কাদের সিদ্দিকীর দূরত্ব অনেক কমে এসেছে। তাঁর শক্ত অবস্থান রয়েছে এ এলাকায়। 

জোয়াহেরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন আসনে আমাদের দলের মনোনীত প্রার্থী ছাড়াও অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ বিরোধের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়ে কি না, এটাও দেখতে হবে। কেউ অতিরিক্ত কিছু করলে কেন্দ্রের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নেব।’