প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখতে যাওয়া এক শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। যশোরের কেশবপুরের একটি গ্রামে আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক তরুণকে (১৮) আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী পাশের বাড়িতে দুপুরে টেলিভিশন দেখতে যায়। এ সময় ওই বাড়ির এসএসসি পরীক্ষার্থী এক তরুণমেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। পরে মা গিয়ে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজন বাড়িতে গিয়ে ওই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ওই কিশোরকে কেশবপুর থানায় নিয়ে এসেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য যশোরে পাঠানো হবে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন। মামলা প্রক্রিয়াধীন। এ মামলায় আটক কিশোরকে গ্রেপ্তার দেখানো হবে।
শিশুটির বাবা বলেন, ‘আমার ছোট্ট মেয়ে কিছুই বোঝে না। ওই ছেলেটি জোরপূর্বক আমার মেয়ের ক্ষতি করেছে। আমরা পরিবারের সবাইকে নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। বিশেষ করে মেয়েটার ভবিষ্যৎ জীবন কী হবে তা নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছি।’