
অভাবের সংসারে বাবাকে আর্থিকভাবে সাহায্য করতে পড়াশোনার ফাঁকে ফাঁকে রাজমিস্ত্রির কাজ করত ফরিদপুরের অদম্য মেধাবী সালমান মৃধা (১৬)। এই কাজ করেও এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে।
সালমান এ বছর ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান ইনস্টিটিউশনের কারিগরি শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের কারিগরি শিক্ষা বিভাগ থেকে ১৮ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের একজন সালমান।
সালমান মৃধার বাড়ি ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ইজা দুর্গাপুর গ্রামে। তার বাবার নাম মো. বিল্লাল মৃধা (৪৯) ও মা শেফালী বেগম (৩৫)। দুই ভাইয়ের মধ্যে সে বড়। ছোট ভাই সিয়াম মৃধা (১২) ঈশান ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
সালমানের বাবা বিল্লাল মৃধা বেশ কয়েক বছর আগে মালয়েশিয়ায় যান। কিন্তু সেখানে বেশি দিন তাঁর থাকা হয়নি। পরে দেশে ফিরে শহরের চকবাজারে একটি আড়তে কুলির কাজ নেন। এ কাজেও বেশি দিন থাকা হয়নি। বর্তমানে তিনি অন্যের জমিতে চাষাবাদ করেন। অভাবের সংসারে ছেলের পড়াশোনার ব্যয়ভার বহন করার ক্ষমতা নেই বিল্লাল মৃধার। এ জন্য অষ্টম শ্রেণিতে পড়াশোনা করার সময় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ শুরু করে সালমান। কাজটি সে এখনো করছে। তাতে যে টাকা আয় হয়, তা থেকে পড়ার খরচ রাখার পর বাকি টাকা তুলে দেয় বাবার হাতে।
সালমান জানায়, রাত ১২টা থেকে ১টা পর্যন্ত পড়াশোনা করত সে। বিদ্যালয়ের বেতন ও পরীক্ষার ফরম পূরণে স্কুলের সহযোগিতা পেয়েছে সে। মায়ের প্রেরণায় সে পড়াশোনা চালাতে পেরেছে।
সালমানের মা শেফালী বেগম বলেন, ‘অনেক কষ্ট করে সালমানকে পড়াশোনা করাচ্ছি। আমার আশা, ও প্রকৌশলী হবে। এখন ওকে কলেজে পড়তে হবে। রাজমিস্ত্রির কাজ করে তার পড়াশোনা চালানো সম্ভব নয়। আবার কলেজে স্কুলের চেয়ে খরচ অনেক বেশি। ও পড়ালেখা চালিয়ে যেতে পারবে কি না, এটাই এখন একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।’
ঈশান ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, ‘সালমান মৃধা অত্যন্ত মেধাবী। তবে সে অত্যন্ত গরিব পরিবারের সন্তান। আমাদের বিদ্যালয়ে যত দিন ছিল, আমরা তাকে সাধ্যমতো সহযোগিতা করেছি। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে সে একজন প্রকৌশলী হয়ে নিজের ও মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে।’