
ঠাকুরগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের একটি পদে নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আজ সারা দেশে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষা ছিল। এর অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৭০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষা (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই কেন্দ্রে ১ হাজার ৫০০ পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৭৭৬ জন।
কেন্দ্রের পরীক্ষার্থীরা বলেন, বেলা সোয়া ১১টার দিকে বিদ্যালয়ের এক পিয়ন কেন্দ্রের ১৩০ নম্বর কক্ষে প্রবেশ করেন। এ সময় ওই পিয়ন এক পরীক্ষার্থীকে এমসিকিউ প্রশ্নপত্রের উত্তর লিখে নিয়ে এসে তা দিতে চেষ্টা করেন। বিষয়টি দেখে কক্ষের পরীক্ষার্থীরা প্রতিবাদ ও হট্টগোল শুরু করেন। তখন ওই পিয়ন চিরকুটটি সেখানে ফেলে কক্ষের বাইরে চলে আসেন। অবস্থা বেগতিক দেখে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ফাড়াবাড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির ইকবাল কাগজটি তুলে টুকরা করে বাইরে ফেলে দেন।
এ ঘটনার পরপরই কেন্দ্রের ২০৭ নম্বর কক্ষেও বিদ্যালয়ের এক আয়া অন্য এক পরীক্ষার্থীকে এমসিকিউ প্রশ্নপত্রের উত্তর লিখে তা দিতে যান। তা দেখে সেখানেও পরীক্ষার্থীরা হট্টগোল শুরু করেন। পরীক্ষার্থীরা কক্ষ থেকে বের হয়ে এসে ঘটনার প্রতিবাদ করতে থাকেন।
পরে কেন্দ্রের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শিক্ষকদের নিয়ে ওই পিয়ন ও আয়াকে শনাক্ত করা হয়। পিয়নের নাম জহুরুল ইসলাম আর আয়া দিপ্তী রানী। ঘটনার পর দিপ্তী রানী পালিয়ে গেলেও পরীক্ষার্থী সফিকুল ইসলাম, কেন্দ্র পরিদর্শক কবির ইকবাল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল ও একই বিদ্যালয়ের পিয়ন জহুরুল ইসলামকে আটক করা হয়।
কেন্দ্রের ১০৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী সুবল চন্দ্র রায় বলেন, ‘নিয়োগ পরীক্ষায় কেন্দ্রের বাইরে থেকে সমাধান পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে, এটা মেনে নেওয়া যায় না। তাই আমরা প্রতিবাদ করেছি।’
আরেক পরীক্ষার্থী মো. আসাদুজ্জামান বলেন, ‘নিয়োগ পরীক্ষায় যে একটি চক্র জড়িত, আজ তার প্রমাণ পেলাম। নিয়োগ পরীক্ষার ওপর আমাদের ভরসাই উঠে যাচ্ছে।’
তবে আটক পরীক্ষার্থী সফিকুল ইসলাম বলেন, ‘ওই পিয়ন অন্য কোনো পরীক্ষার্থীকে এমসিকিউর সমাধানের কাগজটি দিতে এসেছিলেন। পরীক্ষার্থীরা প্রতিবাদে করায় আমার পেছনে সেটা ফেলে যান। আমি এ ঘটনায় জড়িত নই।’
বিদ্যালয়ের পিয়ন জহুরুল ইসলাম বলেন, ‘আমাদের বিদ্যালয়ের এক শিক্ষক এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তাঁর দেওয়া একটা কাগজ কেন্দ্রের ১০৩ নম্বর কক্ষে গিয়ে পরীক্ষার্থীকে দিতে বলেছেন। আমি সেই অনুয়ায়ী কাজ করেছি। তবে ওই শিক্ষকের নাম কিছুতেই বলতে রাজি হননি জহিরুল।’
ফাড়াবাড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষের পরিদর্শক কবির ইকবাল বলেন,‘আমি না ঝুঝেই ফেলে যাওয়া কাগজটি ছিঁড়ে কক্ষের বাইরে ফেলে দেই। বুঝতে পারিনি যে সেটা এমসিকিউর সমাধান। এখন বুঝতে পারছি আমি কাজটি ঠিক করিনি।’
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির। তিনি বলেন, টুকরা করে ফেলা কাগজটির সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে। কেউ বাইরে প্রশ্নপত্র সমাধান করে বিদ্যালয়ের পিয়নের-আয়ার দ্বারা পরীক্ষার্থীদের সরবরাহ করার চেষ্টা করেছিলেন। এ ঘটনায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে আর কক্ষ পরিদর্শক ও পিয়ন-আয়ার বিরুদ্ধে মামলার জন্য সমাজসেবা অধিদপ্তর ব্যবস্থা নিচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ছুটিতে আছেন। দায়িত্বে রয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান। তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্রের সমাধান সরবরাহ ও সহযোগিতার অভিযোগে আটক চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। আর এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।