রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের সভাপতিরা ‘ভারমুক্ত’ হলেন

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও জেলা শাখার সভাপতি অনিল কুমার সরকার
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার ঢাকায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতি হিসেবে তাঁদের নাম ঘোষণা করেন দলীয় প্রধান শেখ হাসিনা। রাজশাহী নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম-বুলবুল একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাজশাহী মহানগরে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। জেলায় দায়িত্ব পালন করেন অনিল কুমার সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে রাজশাহী মহানগর আওয়ামী লীগে ও অনিল কুমার সরকারকে রাজশাহী জেলা আওয়ামী লীগে পূর্ণাঙ্গ সভাপতি করা হয়েছে।

গণভবনে অনুষ্ঠিত সভায় রাজশাহীসহ সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভার (জেলা সদরে অবস্থিত) সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন। সভায় সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রেরা উপস্থিত ছিলেন। সভায় এক জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বর্ধিত সভায় উপস্থিত থাকা সব ভারপ্রাপ্ত নেতাকে পূর্ণ দায়িত্ব দেন।

এর আগে ২০২১ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় সভাপতি শেখ হাসিনা তৎকালীন নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে সভাপতিমণ্ডলীর সদস্যপদে মনোনয়ন দেন। ওই বছরের ২৭ নভেম্বর নগর আওয়ামী লীগের সভাপতির পদ শূন্য হওয়ায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।

২০২১ সালের ৯ মে রাজশাহী জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মিরাজ উদ্দিন মোল্লা মারা গেলে সভাপতির পদ শূন্য হয়। পরে ওই বছরের ২ জুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক অফিস আদেশে অনিল কুমার সরকারকে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।