১ শতাংশ জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে ‘হত্যা’, গ্রেপ্তার ৩

হামলা
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে শুক্কুর আলী খান (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার নাউরী ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বেলা ১১টার দিকে শুক্কুর আলীর ছেলে মো. মহিউদ্দিন খান ছয়জনকে আসামি করে মতলব উত্তর থানায় হত্যা মামলা করেছেন। এই মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শুক্কুর আলীর বাড়ি উপজেলার ফৈলাকান্দি গ্রামে। তিনি কৃষিকাজ করতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্নান খান, তাঁর ছেলে আহম্মদ উল্লাহ খান ও আল-আমিন খান।

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শুক্কুরের সঙ্গে চাচাতো ভাই মান্নান ও তাঁর ছেলেদের ১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এর আগেও ওই দুই পক্ষের মধ্যে একাধিকবার বাগ্‌বিতণ্ডা হয়েছে। কয়েক দিন আগে স্থানীয় সালিসে বিষয়টির সুরাহা হলেও মান্নান ও তাঁর ছেলেরা বিভিন্নভাবে ওই জমি নিজেদের দাবি করে শুক্কুরের পরিবারকে হুমকি দিয়ে আসছেন।

আজ সকাল নয়টার দিকে বাড়ির পাশে একটি দোকানের সামনে ওই জমি নিয়ে মান্নান ও তাঁর ছেলেদের সঙ্গে শুক্কুরের বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে মান্নান, তাঁর ছেলে আহম্মদ উল্লাহ, আল-আমিন ও প্রতিবেশী সোহাগ লাঠিসোঁটা নিয়ে শুক্কুর আলীকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে শুক্কুর তাঁর বুক, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যান। পরে পরিবারের লোকজন শুক্কুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মতলব উত্তর থানার পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শুক্কুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই হামলাকারী মান্নান ও তাঁর দুই ছেলেকে আটক করে পুলিশ।
নিহত ব্যক্তির ছেলে মহিউদ্দিন খান অভিযোগ করেন, মাত্র ১ শতাংশ জায়গার জন্য তাঁর বৃদ্ধ বাবাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকণ্ডের পর হামলাকারীরা নিজেদের নিরাপদে রাখতে কৌশলে আগেভাগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হন। এটা পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

থানাহাজতে থাকায় অভিযোগের ব্যাপারে মান্নান ও তাঁর ছেলেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার অন্য আসামিদের মুঠোফোন নম্বর বন্ধ থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।