
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশি অস্ত্র নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এতে অন্তত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে রূপগঞ্জের কাঞ্চনবাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সাতটার দিকে কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ওরফে কলি ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহিম ওরফে লিটুর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, সংঘর্ষে উভয় পক্ষ ধারালো রামদা, চায়নিজ কুড়ালসহ দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। এ সময় গোলাম রসুলের ভাইয়ের মালিকানাধীন একটি দোকান ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন রাব্বি মিয়া ও নিহাল ভূঁইয়া। তাঁরা আবদুর রহিমের অনুসারী স্বেচ্ছাসেবক লীগের কর্মী।
পুলিশ, ঘটনার প্রত্যক্ষদর্শী ও কাঞ্চন পৌরসভার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কাঞ্চন পৌরসভা এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাম রসূল ও আবদুর রহিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আগেও তাঁরা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন। পুরোনো দ্বন্দ্বের জের ধরেই সন্ধ্যায় গোলাম রসুল ও আবদুর রহিমের দুই অনুসারীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে উভয় পক্ষ রামদা, চায়নিজ কুড়ালসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আবদুর রহিমের লোকজন কাঞ্চনবাজারে অবস্থিত গোলাম রসুলের ভাই নূর হোসেনের মালিকানাধীন একটি মিষ্টির দোকান ভাঙচুর করেন।
সংঘর্ষের সময় পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাজার ছেড়ে চলে যান। পরে ঘটনাস্থলে ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কথা বলতে গোলাম রসুল ও আবদুর রহিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপঙ্কর সাহা জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেবে পুলিশ।