ধর্ষণ
ধর্ষণ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অটোরিকশাচালক গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা তিনটার দিকে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন। পরে গতকাল রাতেই ওই গৃহবধূর মা থানায় মামলা করেন। এ মামলায় অটোরিকশাচালককে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার চালকের নাম তাজ উদ্দিন (৩৫)। তিনি একই উপজেলার ইমাম উদ্দিন দেওয়ানের ছেলে।

পুলিশ ও গৃহবধূর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় আট মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয়। গতকাল সকালে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুর সদরে চলে যান। সেখান থেকে বেলা তিনটার দিকে তিনি শ্বশুরবাড়িতে ফিরতে একটি অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় আর কোনো যাত্রী ছিল না। পথে চালক তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে অভিযুক্ত চালককে আটক করে পুলিশে খবর দেন।

জানতে চাইলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে অভিযুক্ত অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষা করানো হবে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।