যুবলীগ হবিগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ১১ অক্টোবর। এ সম্মেলনকে ঘিরে শহরকে সাজানো হয়েছে রঙিন রূপে। সম্মেলনকে ঘিরে জেলা সদরসহ বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। তোরণের পাশাপাশি সড়কের দুই পাশ, বিভিন্ন দেয়াল, স্থাপনা ও বিদ্যুতের খুঁটি ঘেঁষে লাগানো হয়েছে নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে এসব ফেস্টুন-ব্যানার ও বিলবোর্ড লাগিয়েছেন পদপ্রত্যাশী সভাপতি-সাধারণ সম্পাদক ও তাঁদের অনুসারী নেতা-কর্মীরা।
২০১৪ সালের ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়। মো. আতাউর রহমান ও বোরহান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে এ সম্মেলনের মধ্য দিয়ে। আট বছর পেরিয়ে এবারের সম্মেলনে কাউন্সিলররা সরাসরি ভোটে নেতা নির্বাচিত করবেন, না কেন্দ্রের মনোনীত নেতাকেই বেছে নিতে হবে, সেটাই জানা যাবে মঙ্গলবার। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২০ জন প্রার্থী কেন্দ্রের কাছে ইতিমধ্যে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তাঁদের মধ্যে সভাপতি পদে ১১ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জন রয়েছেন।
সভাপতি পদপ্রত্যাশীরা হলেন মোতাচ্ছিরুল ইসলাম, মো. আবুল কাশেম চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ, বিপ্লব রায় চৌধুরী, শওকত আকবর, সামছু মিয়া, ফারুক মিয়া, মো. শফি উল্লাহ, নুরুল আমিন, জাহির আহমেদ ও শাহজাহান কবির। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা হলেন মো. তাজউদ্দিন আহমেদ, ইশতিয়াক রাজ চৌধুরী, মইন উদ্দিন চৌধুরী, মো. সাইদুর রহমান, মহিবুর রহমান, নওশেদ সুমন, কাওসার আহমেদ, এ আর কাউসার ও রকিবুল ইসলাম।
শফিকুজ্জামান বলেন, ‘সভাপতি পদে আমরা ১১ জন প্রার্থী থাকলেও আমরা আদর্শে ও দলের স্বার্থে এক। সম্মেলনে যাকেই জেলা নেতা নির্বাচিত করা হোক, আমরা সবাই তা মেনে নেব।’
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২০ জন প্রার্থী কেন্দ্রের কাছে ইতিমধ্যে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তাঁদের মধ্যে সভাপতি পদে ১১ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জন রয়েছেন।
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তাজউদ্দিন আহমেদ বলেন, আট বছর পর এ সম্মেলন হচ্ছে। এ সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
আজ রোববার শহরের সার্কিট হাউস সড়ক, মুক্তিযোদ্ধা চত্বর, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বেবিস্ট্যান্ড, কোর্ট মসজিদ রোড, প্রেসক্লাব সড়ক, জেলা জজ আদালত সড়ক, বৃন্দাবন সরকারি কলেজ সড়কসহ আশপাশের এলাকায় দেখা যায়, পথে পথে নির্মিত তোরণে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার লাগানো হয়েছে। ব্যানার লাগানোর কাজ এখনো চলছে। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের কার্যালয় এলাকা থেকে জালাল স্টেডিয়াম এলাকা পর্যন্ত শতাধিক তোরণ দেখা গেছে। শহরের সার্কিট হাউস এলাকা, প্রেসক্লাব সড়কের দুই পাশে ছোট-বড় বিপুলসংখ্যক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছে। হবিগঞ্জ জালাল স্টেডিয়ামের ভেতরে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে।
জেলা যুবলীগ সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে সম্মেলনে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামসের থাকার কথা রয়েছে। প্রধান বক্তা থাকবেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মো. আবু জাহির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী।
জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান বলেন, সম্মেলনের প্রস্তুতি নেওয়া প্রায় শেষ। জেলার ১১টি ইউনিটের ৩৫১ কাউন্সিলরসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন। তবে ওই দিন সরাসরি কাউন্সিলরদের ভোটে কমিটি গঠন হবে, না মনোনীত করা হবে, সে বিষয়টি পুরোপুরি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত।