রাজশাহীতে চিকিৎসক সাদির মুক্তির দাবিতে চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে
রাজশাহীতে চিকিৎসক সাদির মুক্তির দাবিতে চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে

চিকিৎসক সাদির মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজধানীর ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসক সাদি বিন শামসকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চিকিৎসকদের দাবি, জুলাই গণ–অভ্যুত্থানে রামপুরার ডেলটা হেলথ কেয়ারের সামনে এক রিকশাচালককে গুলি করে হত্যা করে পুলিশ। ওই সময় চিকিৎসা দেওয়ার জন্য সাদি এগিয়ে গিয়েছিলেন। কিন্তু গুলিবিদ্ধ রিকশাচালককে যেন চিকিৎসা না দেওয়া হয়, এ জন্য সাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। পরে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। অথচ এখন তাঁকে আসামি বানিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সরকারের উচিত ছিল চিকিৎসক সাদিকে বীর সন্তান হিসেবে ভূষিত করা। কিন্তু সেটা না করে উল্টো আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এ ঘটনায় রাজশাহীর চিকিৎসক সমাজ তীব্র নিন্দা জানাচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকেসহ বাকিদের মুক্তি না দিলে কমপ্লিট শাটডাউন, লংমার্চ টু ঢাকা কিংবা যেকোনো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি আবদুল্লাহসহ আরও অনেকে বক্তব্য দিয়েছেন।