
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মধ্যে সততার চর্চা গড়ে তুলতে চালু করা ‘সততা স্টোরের’ টাকাসহ ১১টি বৈদ্যুতিক ফ্যান চুরি হয়েছে।
রোববার সকালে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে এ ঘটনা দেখতে পান। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে শিক্ষকেরা ধারণা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় ছুটির পর তালা দিয়ে চলে যান বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। রোববার সকালে তাঁরা বিদ্যালয়ে এসে দেখেন, তালাগুলো আগের মতো দেওয়া। কিন্তু চাবি দিয়ে খুলতে গিয়ে দেখেন, তালা ভেঙে হালকাভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। কক্ষের ভেতরে গিয়ে দেখতে পান, অফিস কক্ষের চারটি বৈদ্যুতিক ফ্যান নেই। আবার দ্বিতীয় তলার দুটি শ্রেণিকক্ষ থেকেও সাতটি ফ্যান খুলে নেওয়া হয়েছে। এ ছাড়া শিশুদের সততা স্টোরের বাক্সে রাখা প্রায় ৫০০ টাকা এবং সাউন্ড সিস্টেমের বক্স চুরি হয়েছে।
শিক্ষকেরা জানিয়েছেন, বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। কয়েক বছর আগে শিশুদের মধ্যে সততার চর্চা গড়ে তুলতে ‘সততা স্টোর’ চালু করা হয়। সেখানে মুড়ি, বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন শুকনা খাবার রাখা হতো। প্রতিটি খাবারের দাম লেখা থাকত। টিফিনের সময় শিক্ষার্থীরা নিজেদের পছন্দের খাবার নিয়ে টাকা প্লাস্টিকের বাক্সে রেখে দিত। সেখানে রাখা প্রায় ৫০০ টাকা নিয়ে গেছে চোরেরা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন আক্তার বলেন, শিক্ষার্থীরা গরমে কষ্ট পাওয়ায় ফ্যান কেনা হয়েছিল। সেগুলো চুরি হয়ে গেল। শিশুদের সততা স্টোরের টাকা এবং কাব স্কাউটের শিশুদের জমানো চাঁদার টাকাও চোর নিয়ে গেছে। এটা খুবই দুঃখজনক।
বিষয়টি প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন আরেক শিক্ষক হারুন অর রশীদ। তিনি বলেন, ‘আমরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি। স্থানীয়দের কাছে শুনেছি, বিদ্যালয়ের আশপাশের এলাকাটা ফাঁকা হওয়ায় এখানে সন্ধ্যার পর বিভিন্ন প্রকার মানুষ আড্ডা দেয়।’
যোগাযোগ করলে সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।