
নোয়াখালীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় দলটির কমপক্ষে ২০ নেতা-কর্মী শটগানের ছররা গুলিতে আহত হয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করেছে। তবে দলের পক্ষ থেকে আটক নেতা-কর্মীর সংখ্যা ১৮ বলে দাবি করা হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে শহরের জামে মসজিদ মোড় ও পৌর বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াত-শিবিরের একদল নেতা-কর্মী শহরের জামে মসজিদ মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করার জন্য সমবেত হন। এ সময় পুলিশ শটগানের গুলি ও কাঁদানের গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে জামায়াত–শিবিরের নেতা-কর্মীরা শহরের বারলিংটন এলাকায় জড়ো হয়ে তাদের কর্মসূচি সমাপ্ত করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন ফারুক জানান, পুলিশের ছোড়া গুলিতে জামায়াত–শিবিরের কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদসহ ১৮ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকালে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা শহরের জামে মসজিদ মোড় এলাকায় আকস্মিকভাবে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় সেখানে উপস্থিত পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াতের ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তবে পুলিশের ছোড়া গুলিতে জামায়াতের কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।