ময়মনসিংহের নান্দাইলে বাড়ির আঙিনায় খেলার সময় পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু দুটির নাম সাঈফা আক্তার (২) ও সুরাইয়া আক্তার (৩)। সাঈফা দেউলডাংরা গ্রামের মো. সুমন মিয়ার মেয়ে এবং সুরাইয়া একই গ্রামের তুহিন মিয়ার মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় দুই শিশু একসঙ্গে খেলছিল। খেলতে খেলতে একসময় তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের এক কোণ থেকে সাঈফাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর সুরাইয়াকেও অচেতন অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।