আজ বিশ্ব ক্যানসার দিবস

আধুনিক চিকিৎসার অভাব

বরিশালে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে ২০২১ সালের আগস্টে। নির্ধারিত সময়সীমায় কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ক্যানসার হাসপাতালের নির্মাণকাজ চলছে। গতকাল সকালে
  ছবি: প্রথম আলো

বরিশালে দুরারোগ্য ব্যাধি ক্যানসার চিকিৎসায় এখনো উন্নত কোনো ব্যবস্থা না থাকায় যথাযথ চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। ফলে গরিব-দুস্থ রোগীরা অনেকটা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। অনেক রোগী ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে আর্থিকভাবে নিঃস্ব হচ্ছেন।

আজ বিশ্ব ক্যানসার দিবস। গত ডিসেম্বরে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ) ২০১৮ থেকে ২০২০ সালের ক্যানসার রেজিস্ট্রি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ওই তিন বছরে কেবল এনআইসিআরএইচে চিকিৎসা নিতে এসেছেন ৮৩ হাজার ৭৯৫ জন ক্যানসার রোগী।

ক্যানসার রোগীর সংখ্যা বাড়লেও বরিশাল বিভাগের প্রধান সরকারি হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যানসারের আধুনিক কোনো চিকিৎসাব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। এখানে ২৭ শয্যার একটি ইউনিট থাকলেও যন্ত্রপাতির সংকট ও শয্যার সংখ্যা অপ্রতুল। একই সঙ্গে চিকিৎসকের সংকটে কাঙ্ক্ষিত চিকিৎসা মিলছে না।

এমন পরিস্থিতিতে বরিশালে একটি পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। সেই দাবি অনুযায়ী এখানে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে ২০২১ সালে। কিন্তু হাসপাতালটির কাজ শেষে চালু হতে আরও কয়েক বছর লেগে যাবে। এ জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার ইউনিটটিতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন, শয্যার সংখ্যা বাড়ানো এবং প্রয়োজনীয় চিকিৎসক পদায়ন করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশাল জেলা সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, ‘ক্যানসার যেভাবে বিস্তার ঘটেছে, সে অনুযায়ী বরিশাল বিভাগে চিকিৎসাব্যবস্থা নাজুক। এর চিকিৎসা খুবই ব্যয়বহুল হওয়ায় গরিব ও মধ্যবিত্ত পরিবারের রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই। এমন অবস্থায় আমরা একটি পূর্ণাঙ্গ হাসপাতালের দাবি করে আসছি দীর্ঘদিন ধরে, সেটি বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু সেটি চালু হওয়ার আগে ইউনিটের জনবল, শয্যা ও যন্ত্রপাতির সংকটের সমাধান করা প্রয়োজন।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ক্যানসার ইউনিট পর্যাপ্ত যন্ত্রপাতি ও জনবলসংকটের কারণে এখন কেবল রেডিওথেরাপিনির্ভর হয়ে আছে। ফলে এ অঞ্চলের মানুষের ক্যানসারের চিকিৎসার জন্য ছুটতে হয় ঢাকায়। এতে ব্যয় যেমন বাড়ছে, তেমনি ভোগান্তি পোহাতে হচ্ছে পদে পদে। আবার অনেক সময় সঠিক সময়ে চিকিৎসা করাতে না পেরে অনেক রোগী মারা যাচ্ছেন।

২০০২ সালে ক্যানসার রোগীদের থেরাপি দেওয়ার জন্য ১০ কোটি টাকা মূল্যের একটি কোবাল্ট-৬০ যন্ত্র স্থাপনের মধ্য দিয়ে ক্যানসারের চিকিৎসা শুরু হয় এই হাসপাতালে। ১৩ বছরের মাথায় ২০১৫ সালের ২৯ নভেম্বর সেটি অচল হয়ে পড়ে। যন্ত্রটি এখনো অচল পড়ে থাকায় থেরাপি বন্ধ রয়েছে। এ ছাড়া রেডিওলজির যন্ত্র নেই, রেডিও টেলিথেরাপির যন্ত্রটিও অকেজো।

হাসপাতাল সূত্র জানায়, ২৭ শয্যার ক্যানসার ইউনিটটিতে এত রোগী থাকেন যে প্রায়ই নতুন রোগী এলে ফেরত দিতে হচ্ছে। যন্ত্রপাতির সংকটের পাশাপাশি জনবলসংকটে চিকিৎসাসেবা দেওয়া দুরূহ হয়ে পড়েছে। ইউনিটটিতে দুজন অধ্যাপক পদের একজনও নেই। একজন সহকারী অধ্যাপক ও তিনজন চিকিৎসা কর্মকর্তা দিয়ে ইউনিটটি চলছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক আ ন ম মাইনুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকো বলেন, ‘কোবাল্ট-৬০ যন্ত্রটি দীর্ঘদিন ধরে অকেজো থাকায় থেরাপি দেওয়া যাচ্ছে না। এতে রোগীদের ঢাকার এনআইসিআরএইচে রেফার করতে হয়। সেখানে সিরিয়াল পেতে অনেক সময় লাগে। ফলে চিকিৎসা শুরু করতে দেরি হওয়ায় অনেক রোগী মারা যান। শয্যার সংকটের কারণে প্রায়ই রোগীদের ফেরত দিতে হচ্ছে। এ ছাড়া চিকিৎসকের সংকট আমাদের বেশ ভোগাচ্ছে। হাসপাতালের পক্ষ থেকে প্রতি মাসে এই ইউনিটের সংকট ও সুবিধা বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হচ্ছে।’

সময়সীমার মধ্যে নির্মাণ শেষ হওয়া নিয়ে শঙ্কা

বরিশালে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে ২০২১ সালের আগস্টে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে চলতি বছরের আগস্টে। কিন্তু এখন পর্যন্ত এর বেজমেন্টের কাজ এক-তৃতীয়াংশ বাকি। তাই নির্ধারিত সময়সীমায় কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ বলছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের পাশে পরিত্যক্ত ডোবা ভরাট করে নির্মাণ করা হচ্ছে ১৭ তলাবিশিষ্ট ক্যানসার হাসপাতাল। দরপত্রের প্রক্রিয়া শেষ করে ৯৯ কোটি টাকা ব্যয়ে এর নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডার্স ও খান বিল্ডার্স।

কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের (বরিশাল মেডিকেল কলেজ) উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়া প্রথম আলোকে বলেন, কাজের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি নেই। কিছু কাজ ছিল দরপত্রবহির্ভূত। যেমন ডোবা ভরাটসহ আরও কিছু। এসব কাজ করাতে জটিলতা ছিল। বেজমেন্টের কাজ শুরু হয়েছে। এখনো এক-তৃতীয়াংশ বাকি। কাজ শেষ হওয়ার মেয়াদ এ বছরের আগস্টে। কিন্তু এই সময়সীমার মধ্যে তা শেষ হওয়া নিয়ে শঙ্কা আছে। আরও প্রায় এক বছর প্রলম্বিত হতে পারে।