সিলেটে জমি নিয়ে বিরোধে যুবক খুন

লাশ
প্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বিলাল উদ্দিন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর পশ্চিম পাড়া গ্রামে বিলালের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালান। পরে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত বিলাল উদ্দিন নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর পশ্চিম পাড়া গ্রামের আবদুল করিমের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে বিলাল উদ্দিনের ভাই জয়নাল আবেদীন জড়িত বলে নিহতের পরিবারের লোকজন অভিযোগ করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আঙ্গারজুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আবদুল করিমের দুই ছেলে বিলাল উদ্দিন ও জয়নাল আবেদীনের মধ্যে বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিলাল উদ্দিন স্থানীয় সালুটিকর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন বিলালের ওপর হামলা চালান। হামলাকারীরা রড দিয়ে বিলালকে বেধরক মারধর করে। বিলালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান।

পরে বিলালকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই খুন হয়েছেন। ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে জয়নাল আবেদীন ছিলেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। আজ শুক্রবার নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।