নীলফামারীতে পিকআপের ধাক্কায় জনি আহমেদ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাদিখোল এলাকার ইকু জুট মিলের ৫০০ গজ দূরে এ ঘটনা ঘটে।
জনি আহমেদ দিনাজপুর জেলার পার্বতীপুরের বাঘাচড়া গ্রামের বজলার রহমানের ছেলে। তিনি ইকু জুট মিলের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মোটরসাইকেলে তাঁর সঙ্গে থাকা অপর আরোহী কাজী আবদুর রাজ্জাককে (৩৮) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে ইকু জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম দাবি করেছেন, জনি ও রাজ্জাকের কাছে জুট মিলের কর্মচারীদের বেতনের সাড়ে ৯ লাখ টাকা ছিল। দুর্ঘটনার সময় অপর একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাতনামা আরোহীরা চটের ব্যাগসহ টাকা নিয়ে পালিয়ে গেছেন।
ঘটনাটিকে পরিকল্পিত ছিনতাই উল্লেখ করে সিদ্দিকুল আলম বলেন, মিলের হিসাবরক্ষক জনি ও কম্পিউটার অপারেটর রাজ্জাক রাত আনুমানিক নয়টার দিকে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার ইকু গ্রুপের অফিস থেকে মিলের কর্মচারীদের সাপ্তাহিক বেতনের টাকা নিয়ে যাচ্ছিলেন। তাঁরা একটি চটের বস্তায় সাড়ে ৯ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে মিলের উদ্দেশে রওনা দেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাদিখোল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল আরোহী জনি। গুরুতর আহত হয় কম্পিউটার অপারেটর রাজ্জাক। ওই সময় পিকআপের পেছনে অপর একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা ওই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
কাজী আবদুর রাজ্জাককে (৩৮) স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে সৈয়দপুরের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ জানান, খবর পেয়ে নীলফামারী ও সৈয়দপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ (ঢাকা-ন-২০-৪৪০৯) ও নিহত ব্যক্তির মোটরসাইকেলটি জব্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। তবে টাকা ছিনতাইয়ের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।