
তিনজন লোক মিলে এক ব্যক্তিকে কিলঘুষি মারছেন। টানাহেঁচড়া করে মারার এক পর্যায়ে রাস্তায় অচেতন হয়ে পড়েন ব্যক্তিটি। ওই অবস্থায় লোকজন জড়ো হতে থাকলে একটি রিকশায় করে সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয় ব্যক্তিটিকে। এই দৃশ্য ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজের।
ঘটনার শিকার মাহবুব আলম (৩৫) পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী হিসেবে কর্মরত। ১০ জানুয়ারি বেলা তিনটার দিকে ময়মনসিংহ নগরের চরপাড়া মোড় এলাকা থেকে মাহবুব আলমকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে পুলিশের তৎপরতায় প্রায় আট ঘণ্টা পর উদ্ধার হন তিনি।
প্রকাশ্যে তুলে নেওয়ার ওই ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও জড়িত চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ১৪ জানুয়ারি বিষয়টি নিয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন মাহবুব। তিনি জেলার ত্রিশাল উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকে মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন তিনি। নগরের চরপাড়া নয়াপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।
মামলার এজাহার ও ঘটনার শিকার ব্যক্তির পরিবার থেকে জানা গেছে, ১০ জানুয়ারি বেলা ২টা ৫৮ মিনিটে মাহবুব আলম ও তাঁর সহকর্মী ওবায়দুল হক ওরফে রাসেল (৩৫) চরপাড়া সরগরম হোটেলের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওবায়দুল হক নেত্রকোনা সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী। ওই অবস্থায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মারতে মারতে তুলে নিয়ে যান মাহবুবকে। মাহবুবকে রক্ষায় ওবায়দুল হক এগিয়ে গেলে তাঁকেও গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর চোখে বেঁধে মারতে শুরু করেন তাঁরা। গাড়ি চলতে থাকা অবস্থায় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দিতে অস্বীকার করলে তাঁকে আরও মারধর শুরু করা হয়। ওই অবস্থায় পরিবারের সদস্যদের মাধ্যমে মাহবুব ২২ হাজার টাকা ও ওবায়দুল ১৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে আনান তাঁরা। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে পুলিশকে জানান। তখন পুলিশ অনুসন্ধান শুরু করে। পরে রাত ১১টার দিকে ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস এলাকায় দুজনকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় চক্রটি। পরে পরিবারের সদস্য ও পুলিশ সদস্যরা সেখান থেকে তাঁদের উদ্ধার করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁদের হুমকি দিয়ে বলেন, ‘তুই পল্লী সঞ্চয় ব্যাংকের সংগঠনের পদ ছাড়বি ও চাকরি ছাড়বি, না হয় তোকে জীবনের তরে শেষ করে দিব।’
মাহবুব আলম বলেন, ‘যারা আমাকে মারতে মারতে তুলে নিয়ে যায়, তাদের কাউকে চিনি না, তবে দেখলে চিনতে পারব। তাদের কথাবার্তায় মনে হয়েছে, কেউ হয়তো তাদের দিয়ে এ কাজ করিয়েছে। পেশাগত কারণে আমি সংগঠনের সঙ্গে যুক্ত। এখানে পক্ষ-বিপক্ষ থাকায় আমাকে সরিয়ে দিতে কেউ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। আমি চাই জড়িতরা শনাক্ত হোক এবং শাস্তির আওতায় আসুক।’
ঘটনার শিকার অপরজন ওবায়দুল হক বলেন, ‘আমাদের কর্মীদের একটি সিবিএ সংগঠন রয়েছে। দুই বছর পরপর সেই কমিটির নির্বাচন হয়। ঘটনার দিনে আমাদের নির্বাচনকে ঘিরে সভা হওয়ার কথা থাকলেও তা হয়নি। অভ্যন্তরীণ বিরোধের জেরেই হয়তো আমাদের অপহরণ করা হয়েছিল।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হওয়া মামলাটির তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম ফকির। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পেয়েছি। সেখানে দেখা যায়, তিনজন ব্যক্তি একজনকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত আছে বলে বাদী জানিয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, পেশাগত বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি কোনো পক্ষ বাইরের কোনো চক্র দিয়ে ঘটিয়ে থাকতে পারে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে আমরা কাজ করছি।’