কুষ্টিয়ার পৌরবাজার

‘বাজারে আগুন ধরা দিসে’

  • সোনালিকা মুরগি ২৬০ টাকা কেজি। এক সপ্তাহে আগে ছিল ২৪০ টাকা কেজি।

  • সপ্তাহে বেগুন, ঢ্যাঁড়স, পটোল ও ঝিঙের কেজিতে বেড়েছে ১০ টাকা করে।

এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজি এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকা। শুক্রবার সকালে কুষ্টিয়া পৌর কাঁচাবাজারে

কুষ্টিয়া পৌরবাজারে গতকাল শুক্রবার সকালে লেয়ার মুরগির একটি ডিম কিনতে ক্রেতাদের ১২ টাকা দিতে হয়েছে। আর এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগিতে কেজিপ্রতি বাড়তি দিতে হচ্ছে ৪০ টাকা। সবজির দামও পাল্লা দিয়েছে ডিম–মুরগির মতো। সপ্তাহে বেগুন, ঢ্যাঁড়স, পটোল ও ঝিঙের কেজিতে বেড়েছে ১০ টাকা করে।

কাঁচাবাজারে বাজার করতে আসা গৃহিণী আফসানা খাতুন বললেন, ‘ত্যালের দুহায় দিই বাজারে আগুন ধরা দিসে। কীভাবে সংসার চলবি। দ্যাশে কী হচ্চে।’

এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগিতে কেজিপ্রতি বাড়তি দিতে হচ্ছে ৪০ টাকা। গতকাল শুক্রবার মুরগির ডিম বিক্রি হয়েছে ৪৮ টাকা হালি।

পৌরবাজার ঘুরে জানা গেল, গত সপ্তাহে কেজিপ্রতি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৪০ টাকা। গত বৃহস্পতিবার ছিল ১৬০ টাকা। আর গতকাল শুক্রবার একলাফে ১৮০ টাকা। সোনালিকা মুরগি ২৬০ টাকা কেজি। এক সপ্তাহে আগে ছিল ২৪০ টাকা কেজি। ডিম বিক্রি হচ্ছে ৪৮ টাকা হালি। গত বৃহস্পতিবার ছিল ৪৫ টাকা হালি। এক সপ্তাহ আগে ছিল ৪০ টাকা। সাত দিনের ব্যবধানে ডিম হালিতে বেড়েছে ৮ টাকা।

এদিকে প্রতি কেজি পটোল ৪০, বেগুন ৬০, ঢ্যাঁড়স ও ঝিঙে ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, এক সপ্তাহ আগে এসব সবজি গড়ে ১০ টাকা কম দামে বিক্রি হয়েছে। শসা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৪০ টাকা কেজি। গতকাল ৩০ টাকা বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

পেঁয়াজ ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি। রসুন ১০ টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে ৯০ টাকা। আলু ও আদার দাম অপরিবর্তিত থেকে বিক্রি হচ্ছে যথাক্রমে ২৮ টাকা ও ১২০ টাকা কেজি। কাঁচামরিচ ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি। কচু ৪০, পেঁপে ২৫, করলা ৭৫ টাকা কেজি কিনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বাড়ায় তাঁরাও ভোক্তাদের কাছে বাড়তি দামে বিক্রি করছেন।

চালের বাজারও ঊর্ধ্বমুখী। সাত দিনে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল কেজিপ্রতি চার টাকা করে বেড়েছে। সবকিছুর মূলে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকেই দায়ী করছেন বিক্রেতারা।

পৌরবাজারের মুদিদোকানি নিশান বলেন, ডিমের হালি শনিবার (আজ) থেকে ৫০ টাকা হতে পারে। পাইকারি বিক্রেতারা সেটাই জানিয়েছেন।

মুরগি ব্যবসায়ী জয় খান বললেন, সোনালিকা ও ব্রয়লার মুরগির দাম আরও বাড়বে। কেন যে দাম বাড়াচ্ছে, সেটা তিনি বুঝতে পারছেন না।

বাজার ঘুরে মুরগি, ডিম ও সবজির দরদাম শুনে থমকে গেলেন শিক্ষার্থী সেলিম হোসেন। তিনি বললেন, ‘দরদাম শুনেই মন ভরে গেছে। যে বাজেট নিয়ে বাজারে আসছি, সেই টাকায় অর্ধেক বাজার নিয়ে ফিরতে হবে।’

থানাপাড়া এলাকার আবদুল হামিদ বললেন, ‘তেলের দামের সঙ্গে মুরগি ও ডিমের দাম লাফায় লাফায় বাড়ার রহস্যটা কী? কার কাছে জানতে চাইব?’