
সিলেটে দুই তরুণীকে হোটেলে আটকে রেখে দল বেঁধে ধর্ষণের অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে দুটি মামলা হয়েছে। গতকাল সোমবার নগরের জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে পৃথক মামলা করেন ভুক্তভোগী দুই তরুণী।
আসামিরা হলেন, সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকার রানা আহমদ ওরফে শিপলু (৩৫), ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নয়বাজারের বাসিন্দা জুবেল (৩১), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মোহাইমিন রহমান ওরফে রাহি (৩৩), সুনামগঞ্জের হরিনাপাটি গ্রামের নাবিল রাজা চৌধুরী (৩৫) ও সুজন (৩৫) এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তানজিনা আক্তার ওরফে তানিয়া (২৫)। দুটি মামলায় ওই ছয়জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি পাঁচ থেকে ছয়জন।
খোঁজ নিয়ে জানা যায়, আসামিদের মধ্যে রানা আহমদ মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তাঁর দলীয় পদ নেই। অন্যদিকে, নাবিল রাজা চৌধুরী সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ঘটনার শিকার দুই তরুণীকে গতকাল চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। মামলার পর আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে ঘটনার শিকার দুই তরুণীর মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
মামলার দুই বাদী সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় ভাড়াবাসায় থাকতেন। ২৩ আগস্ট পাঠানটুলা এলাকার একটি আবাসিক হোটেলে তাঁরা ধর্ষণের শিকার হন। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ওই দুই তরুণীর সঙ্গে তানজিনা আক্তারের (২৫) পরিচয় হয়। মুঠোফোন ও ফেসবুকে তাঁদের প্রায়ই কথা হতো। ২৩ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে তানজিনা ফোন করে বালাগঞ্জের এক তরুণীকে রক্ত দেওয়ার জন্য তাঁদের দুজনকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কৌশলে দুই তরুণীকে হাসপাতালের পাশে একটি আবাসিক হোটেলে নিয়ে আলাদা কক্ষে বসিয়ে রাখেন। এ সময় কয়েকজন তরুণ ও যুবক তাঁদের আটকে রেখে দল বেঁধে ধর্ষণ করেন। এ সময় দুই তরুণীর মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পরদিন ২৪ আগস্ট বেলা ১টার দিকে দুই তরুণীকে এক কক্ষে নিয়ে ‘তাঁদের সঙ্গে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি’ বলে মুঠোফোনে ভিডিও ধারণ করে স্বীকারোক্তি নেওয়া হয়। পরে সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাঁরা স্বজনদের সঙ্গে পরামর্শ করে মামলা করেছেন।