সিলেটের জকিগঞ্জে বসতঘর থেকে এক নারী ও তাঁর চার বছর বয়সী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া এলাকার একটি ঘর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুজন হলেন চম্পা রানী দাশ (৩৫) ও তাঁর মেয়ে হৃদি দাশ (৪)। চম্পার স্বামী রতন দাশ জকিগঞ্জের শাহগলী বাজারের স্বর্ণ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রতন দাশের বড় ভাই কয়েক বছর আগে মারা গেছেন। বড় ভাইয়ের স্ত্রী ও এক মেয়ে পাশের ঘরে থাকেন। ঘটনার সময় রতন দাশ দোকানে ছিলেন। শনিবার সন্ধ্যায় বড় ভাইয়ের স্ত্রী ও মেয়ে রতনের ঘরে গিয়ে চম্পা ও হৃদির ঝুলন্ত মরদেহ দেখতে পান। তখন ঘরের দরজা খোলা ছিল।
খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। পরে পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
বারহাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, একই ফ্যানের সঙ্গে চম্পা ও তাঁর মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তিনি বলেন, ‘কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফল পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।