সিলেটে পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির পরিবারের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পূর্ব সিংগুর গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী জুনেল আহমদ (৩১) গত মঙ্গলবার রাতে মা, স্ত্রী, ভাইসহ পরিবারের কয়েকজনকে নিয়ে সিলেট নগরে পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়িতে ফিরছিলেন। তাঁরা মাইক্রোবাসে করে রাত ১২টার দিকে রওনা দেন।
রাত একটার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কালাকাটি এলাকায় সিলেট-কুলাউড়া সড়কে পৌঁছালে ‘পুলিশ’ লেখা রিফ্লেকটিভ বেল্ট পরা তিন ব্যক্তি সংকেত দিয়ে গাড়িটি থামান। তাঁরা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় আশপাশ থেকে লুঙ্গি পরা আরও চার থেকে পাঁচজন সেখানে যোগ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে হীরা ও স্বর্ণালংকার, দুটি আইফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, নগদ ৬০ হাজার টাকাসহ মোট প্রায় ২০ লাখ ৪৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যান।
এ ঘটনায় গাড়িচালক রাগিব জিসান গতকাল দুপুরে অজ্ঞাতপরিচয় ছয় থেকে সাতজনকে আসামি করে ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।