
সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই নির্মাণশ্রমিক। আহত হয়েছেন অন্তত ১২ জন।
নিহত ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), নুরুজ আলী (৬০), সেতটি গ্রামের মোছা. মুন্নি (৩৫), নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরিষা নার্গিস (৪৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২০), পুটামারা গ্রামের বদরুজ্জামান (৪৫) ও সিলেট নগরের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০)।
আহত কয়েকজন জানান, ভবনে ঢালাইয়ের কাজের জন্য সিলেটের আম্বরখানা থেকে একটি পিকআপে করে দক্ষিণ সুরমার লালাবাজারের দিকে যাচ্ছিলেন তাঁরা। পিকআপে ২০ জন ছিলেন। সঙ্গে ছিল ঢালাই মেশিন। পিকআপটি তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপে থাকা সবাই ছিটকে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে জানান, ট্রাক ও পিকআপ জব্দ করা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, হতাহত ব্যক্তিদের নাম–ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে।