যৌন নিপীড়ন
যৌন নিপীড়ন

চুয়াডাঙ্গায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধকে পুলিশে দিলেন এলাকাবাসী

চুয়াডাঙ্গা পৌর এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে খোরশেদ আলম (৬৩) নামের এক বৃদ্ধকে ধরে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার দিবাগত রাতে ৯৯৯ নম্বরে খবর পেয়ে সদর থানার পুলিশ ওই বৃদ্ধকে নিজেদের হেফাজতে নেয়। পরে শিশুটির পরিবার মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছে ১১ এপ্রিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০–এর ১০ ধারায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার খোরশেদ আলমকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষা করা হবে এবং তার জবানবন্দি নেওয়া হবে।

শিশুটির মা জানান, ১১ এপ্রিল সকাল সাড়ে ছয়টায় মেয়েকে বাড়িতে রেখে তিনি কর্মস্থলে যান। ওই দিন সকাল আটটার দিকে বাড়ির বাইরে খেলাধুলার সময় খোরশেদ আলম শিশুটিকে প্রতিবেশী রেখা বেগমের নির্মাণাধীন বাড়ির শৌচাগারের ভেতরে নিয়ে যান এবং যৌন নিপীড়ন করেন। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে ছেড়ে দেন খোরশেদ। এরপর বাইরে এসে ঘটনাটি প্রতিবেশীদের জানিয়ে দেয় শিশুটি। খবর পেয়ে শিশুটির মা অফিস থেকে বাড়িতে আসেন এবং মেয়ের কাছে বিস্তারিত শোনেন। এরপর নিকটাত্মীয়সহ কয়েকজন প্রতিবেশীকে জানান। কিন্তু অভিযুক্ত খোরশেদ আলমের পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ও মানসম্মানের কথা বিবেচনা করে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য তাৎক্ষণিকভাবে তা পুলিশকে জানানো হয়নি। সেই থেকে খোরশেদ আলম আত্মগোপনে ছিলেন।

এর মধ্যে খোরশেদ আলমকে গতকাল রাতে এলাকায় দেখতে পেয়ে শিশুটির ভাই ১১ এপ্রিলের ঘটনার বিষয়ে জানতে চান। পরে দুজনের মধ্যে কথা–কাটাকাটি ও উত্তেজনা দেখা দিলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং অভিযুক্ত খোরশেদ আলমকে ধরে ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ খোরশেদকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।