নোয়াখালীতে বিকাশের বিপণন কর্মকর্তার ১৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছিনতাই
প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাটে মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের এক বিপণন কর্মকর্তার কাছ থেকে ১৭ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মিয়াজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার কর্মকর্তার নাম মো. ইয়াছিন বাবর (২৭)। তিনি বিকাশ এজেন্ট এস কমিউনিকেশন (২)-এর কোম্পানীগঞ্জ শাখার বিপণন কর্মকর্তা।

মো. ইয়াছিন বাবর বলেন, তিনি আড়াই বছর ধরে বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কবিরহাট বাজারের বিভিন্ন দোকান থেকে বিকাশের নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা সংগ্রহ করেন। টাকা সংগ্রহ শেষে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের এজেন্টের কার্যালয়ে যাচ্ছিলেন। পথে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মিয়াজী বাড়ির সামনে পৌঁছালে চারজন যুবক তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। একপর্যায়ে দুজন যুবক তাঁকে গালমন্দ করে মারধর শুরু করেন। অপর দুজন যুবক তাঁর কাছ থেকে ১৭ লাখ ২৫ হাজার টাকাসহ মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

বিকাশ এজেন্ট এস কমিউনিকেশনের মালিক ইমন সাহা প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। ছিনতাইয়ের শিকার বিপণন কর্মকর্তা ইয়াছিন বাবর কয়েকজন ছিনতাইকারীকে চিনেছেন বলে জানিয়েছেন। এ ছিনতাইয়ের ঘটনাও তাঁর এলাকায় ঘটেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।