
স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সবার সহযোগিতায় এবারের নির্বাচন খুব শান্তিপূর্ণ হবে। নির্বাচনে প্রশাসন ও সরকারি বাহিনী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে। এতে কোনো সন্দেহ নেই।
আজ সোমবার দুপুরে বরিশাল নগরের বান্দরোডে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দুধর্মাবলম্বীদের পূজাগুলো খুব শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পূজাগুলোও শান্তিপূর্ণ ছিল। কয়েক দিন আগে সরস্বতীপূজাও শান্তিপূর্ণ হয়েছে। আপনারা আস্থা রাখুন, এবার ইলেকশনও খুব শান্তিপূর্ণ হবে। এ জন্য আপনাদের সবার সহযোগিতা চাই।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনে সারা দেশে প্রায় ১ লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ১০ হাজার র্যাব, ৫ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মোতায়েন থাকবেন। এর পাশাপাশি বিএনসিসি সদস্যরাও থাকবেন।
বরিশালের কয়েকজন প্রার্থী প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন—এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রশাসন এখানে সর্বোচ্চ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এখন প্রার্থীরা তাঁদের পক্ষে ভোটারদের টানতে এমন কৌশল তো করবেনই।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানসহ বরিশাল বিভাগের ছয় জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।