কাপাসিয়ায় কয়লা তৈরির চুল্লি ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লিগুলো ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সম্প্রতি গাজীপুরের কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামে
ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লিগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মো. নয়ন মিয়া মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান। এর আগে ১৮ সেপ্টেম্বর কাপাসিয়ার কয়লা তৈরির চুল্লিগুলো নিয়ে প্রথম আলোয় ‘ধোঁয়ায় পরিবেশের বারোটা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।

পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক নয়ন মিয়া প্রথম আলোকে বলেন, অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির আটটি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশদূষণের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

পরিবেশ অধিদপ্তর গাজীপুরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস প্রথম আলোকে বলেন, কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির কারণে পরিবেশ দূষিত হচ্ছিল। এ ধরনের প্রক্রিয়াকে কখনোই পরিবেশ অধিদপ্তর অনুমতি দেয় না। তথ্য পেয়ে গতকাল দুপুরে সেখানে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়; যদিও এ সময় কয়লা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে চুল্লিগুলো ভেঙে দেওয়া হয়। একই দিন কাপাসিয়া সদরে শব্দদূষণরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দুটি যানবাহনকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সঞ্জিত বিশ্বাস বলেন, প্রিটি অটো ব্রিকস নামের ইট প্রস্তুতকারী একটি কারখানা শীতলক্ষ্যা নদীর জায়গা ভরাট করছে ও সেখান থেকে মাটি সংগ্রহ করছিল—এমন অভিযোগের বিষয়ে পুনঃ তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাঠানোর পর প্রধান কার্যালয়ের নির্দেশে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।