নিজ বাড়িতে কৃষ্ণের স্ত্রী যমুনা রানী রাজবংশী গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া মাঝিপাড়া মহল্লায়
নিজ বাড়িতে কৃষ্ণের স্ত্রী যমুনা রানী রাজবংশী গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া মাঝিপাড়া মহল্লায়

মানিকগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার

‘ওরা আমার স্বামীরে মাইরা ফ্যানের লগে ঝুলাইয়া রাখছে’

মানিকগঞ্জ সদর উপজেলার একটি বাজারের ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে কৃষ্ণ রাজবংশী (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের আগে তাঁর পরিবারের কাছ থেকে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ওই টাকা না দেওয়ায় কৃষ্ণকে বেদম মারধর করে কমিটির লোকজন এবং এতে তাঁর মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া মাঝিপাড়া মহল্লার নিজ বাড়িতে কৃষ্ণের স্ত্রী যমুনা রানী রাজবংশী গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন। এ ছাড়া একই অভিযোগ করেন কয়েকজন প্রতিবেশীও।

এর আগে গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার তরা বাজারের ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে কৃষ্ণ রাজবংশীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

যমুনা রানী বলেন, মাছ চুরির সন্দেহে তাঁর স্বামীকে তরা বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে আটকে রেখে গতকাল মারধর করা হয়। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাঁদের বাড়িতে এসে কৃষ্ণকে ছাড়িয়ে নিতে ৪০ হাজার টাকা নিয়ে যেতে বলেন। দরিদ্র পরিবারের পক্ষে ওই টাকা জোগাড় করা সম্ভব হয়নি।

যমুনা রানীর দাবি, পরে তিনি নিজেই বাজার কমিটির কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে স্বামীকে মারধর করতে দেখেন। কথার এই পর্যায়ে যমুনা রানী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ। এত ট্যাকা পামু কনে? ওই অফিসে গিয়্যা কান্নাকাটি করছি, তাগো (কমিটির লোকজন) পায়ে ধরে কানছি। তারপরও আমার স্বামীরে মারধর করছে। কত কইল্যাম, আপনারা তাঁরে পুলিশে দেন, তাও দিল না! ওরা আমার স্বামীরে মাইরা ফ্যানের লগে ঝুলাইয়া রাখছে, আমারে বিধবা করছে, আমার দুই পোলা–ম্যায়ারে এতিম করছে। আমি তাগো শাস্তি চাই।’

কৃষ্ণ রাজবংশী মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া মাঝিপাড়া মহল্লার ক্ষুদিরাম রাজবংশীর ছেলে। তিনি বিভিন্ন ব্যক্তির জলাশয়ে জাল টানা ও মাছ ধরার কাজ করতেন। মাঝেমধ্যে তরা বাজারে ট্রাক থেকে মাছ নামানোর কাজও করতেন। তাঁর এক ছেলে ও মেয়ে আছে।

কৃষ্ণের মাসতুতো ভাই লালচান রাজবংশী বলেন, কৃষ্ণকে ছেড়ে দিতে দাবিকৃত টাকা দিতে না পারায় তাঁকে মারধর করে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোরে বাড়ি থেকে বের হন কৃষ্ণ। সকালে মাছ চুরির অভিযোগে তাঁকে ও আরও একজনকে আটক করে বাজার কমিটির লোকজন। পরে অন্যজনকে ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণকে কার্যালয়ে আটকে রাখা হয়। দুপুরে কার্যালয়ের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।

অভিযোগ আছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর বাজার কমিটির কয়েকজন সদস্য মরদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের বাধার মুখে তাঁরা সরে যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর থেকে তরা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইব্রাহিমসহ অভিযুক্ত ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন। অভিযোগের বিষয়ে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মামলা প্রস্তুত হচ্ছে।