
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক হওয়া রোহিঙ্গা নারী ও শিশুকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় আইনগত প্রক্রিয়া শেষে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে দুই নারী কনস্টেবলের পাহারায় মা–মেয়েকে আশ্রয়শিবিরে পাঠানো হয়।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গতকাল ভোরে দুর্গাপুর উপজেলার বিজয়পুর ইউনিয়নের ভাংতি বাজার এলাকা থেকে ২৫ বছর বয়সী এক রোহিঙ্গা নারী ও তাঁর এক বছর বয়সী মেয়েকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিজয়পুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। পরে মা-মেয়েকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।
বিজয়পুর ক্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ওই নারী তাঁর শিশুসন্তান নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে তাঁদের থানা-পুলিশে সোপর্দ করা হয়। তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তাঁর স্বামী কয়েক মাস আগে মারা গেছেন।
পরিচয় যাচাই–বাছাই করে মা–মেয়েকে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরত পাঠানোর কথা নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।