১৮ সেপ্টেম্বর সূর্য উঠল আবেদ মাঝির ঘাটে। আলো গিয়ে পড়ল পদ্মার চরের ঘরবাড়িতে। রাজশাহী, কুষ্টিয়া, নাটোর ও পাবনা জেলার বিস্তীর্ণ এই চরে প্রায় ১৭ বছর আগে দুটি সন্ত্রাসী বাহিনীর উত্থান ঘটেছিল। তাদের হাতে ৪১ জন মানুষ খুন হন। তখন চরের মাটিতে পা দিতে গা ছমছম করত। পরে দুই বাহিনীর অন্তত ২৫ সদস্য ‘বন্দুকযুদ্ধ’ মারা যান।
চরে আপাতত কোনো সন্ত্রাসী বাহিনীর তৎপরতা নেই। ঘাটে দাঁড়িয়ে তাই মনে বাজল সেই গান, ‘আবেদ মাঝির ঘাটে আইসা বাইন্ধো তোমার নাও/ নিয়া আইসো পান সুপারি গঞ্জে যদি পাও।’ কবি কামরুল ইসলামের লেখা গানটি গেয়েছেন বাউলশিল্পী সফি মন্ডল। দুজনের বাড়িই এই জনপদে। সম্প্রতি বিটিভিতে প্রচারিত ‘শাওন মাসে আইসো বন্ধু’ শিরোনামের গানটি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
সন্ত্রস্ত জনপদটির পরিবর্তন দেখতেই কুষ্টিয়ার দৌলতপুর থেকে নৌকায় রাজশাহীর বাঘায় আসার পরিকল্পনা। এ উপলক্ষে আগের রাতে দৌলতপুরের ইসলামপুর গ্রামের বাসিন্দা শামসুল হক ওরফে আশার চায়ের দোকানে আড্ডা জমে। কথা হয় দৌলতপুর কলেজের শিক্ষক ও কণ্ঠশিল্পী সরকার আমিরুল ইসলাম, নাসির গ্রুপের সাবেক কর্মকর্তা আনসারুল ইসলাম ও সালেহ আহমেদ, সাংবাদিক শরীফুল ইসলাম ও মাহফুজুল আলম, ইসলামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মহিউদ্দিনসহ স্থানীয় অনেকের সঙ্গে। পদ্মাপারের গ্রামটিতে একসময় সংস্কৃতির বিকাশ ঘটেছিল। এখনো আছে শতবর্ষী একটি ক্লাব। আবেদের ঘাটে নদীর ভেতরে নির্মাণ করা হয়েছে মুক্তমঞ্চ। গত ঈদুল আজহার পরের দিন এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এই জনপদে একসময় জাসদের রাজনীতির চরম উত্থান ঘটেছিল।
পদ্মা নদীর দুই তীরের (বাঘা ও দৌলতপুর) মানুষের কথ্য ভাষা একই। মাঝখানে বিস্তীর্ণ চরের মানুষের ভাষা আলাদা; তাঁরা কথা বলছেন মানিকগঞ্জ, ফরিদপুরের স্থানীয় মানুষের ভাষায়।
চা–দোকানি শামসুলের কাছে ৩৫ বছর আগের বাকির খাতাও দেখা গেল। তাঁর কথা, গ্রামের ছেলেরা বাকি খেয়েছে। চাকরিবাকরি পেলে এসে শোধ করে যাবে। পঞ্চাশোর্ধ্ব এই দোকানির কথাবার্তা দার্শনিকের মতো। গ্রামের সব মানুষের মৃত্যুর তারিখও লেখা রয়েছে তাঁর কাছে। মজার ব্যাপার, তাঁর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। নিজের ভাষায় লিখে রাখেন। নিজেই শুধু পড়তে পারেন। এসব কথার মাঝে একটি কথা শুনে চমকে উঠতে হলো। একজন বললেন, বাহিনীর প্রধান পান্না ভারী অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতেন। তিনি দেখেছেন, পুলিশ পান্নার অস্ত্রে তেল দিয়ে দিচ্ছে। আরেকজন বললেন, পান্না একটি পারিবারিক নির্যাতনের শিকার হয়ে প্রতিশোধ নিতে গিয়ে পরে সন্ত্রাসী হয়েছিলেন।
সকালে নৌকা ছাড়ে আবেদের ঘাট থেকে। কবি কামরুল ইসলামের অনেক কবিতা, গানে ও গল্পে আবেদের ঘাটের কথা রয়েছে। আবেদ মাঝি বেঁচেছিলেন ১০০ বছরের বেশি। অনেক কিছুর সাক্ষী ছিলেন তিনি। তাঁর নামে ইসলামপুর গ্রামের পদ্মার নদীর ঘাটের নাম পড়েছে আবেদের ঘাট। জেলা পরিষদ ঘাটে যাত্রীছাউনি করে দিয়েছে।
এই ঘাটের মানুষের ব্যস্ততা দেখে বোঝা গেল, আবেদের ঘাটের অর্থনৈতিক গুরুত্বও আছে। এই ঘাট থেকে নিয়মিত রাজশাহীর বাঘার সড়কঘাট ও চকরাজাপুর, দৌলতপুরের চিলমারী ও বাজুমারার চরে খেয়ানৌকা ছেড়ে যায়। ঘাটের ইজারাদার হবি কবিরাজ জানালেন, এবার ৫৩ লাখ টাকায় এই ঘাট ইজারা হয়েছে।
দেখা গেল, সকালবেলায় একদল মানুষ মেতে আছেন মাছ নিয়ে। রাতে নদীতে ধরা মাছ, দাম হাঁকছেন তার। নদীর ঘাটে এসে মিলেছে পাকা রাস্তা। চলে গেছে দৌলতপুর উপজেলা সদর হয়ে কুষ্টিয়ায়। সড়কের দুই ধারে অটোরিকশা, সিএনজিচালিত রিকশা, ভ্যানের দীর্ঘ সারি। জেলা পরিষদ যাত্রীছাউনিতেও বসে রয়েছেন মানুষ। তাঁরা কেউ যাবেন দৌলতপুরের বাজুমারায়, কেউ যাবেন রাজশাহীর বাঘায় বা চকরাজাপুরে। আর নৌকা থেকে যাঁরা নামবেন, তাঁরা রাস্তায় দাঁড়ানো যানবাহনে চলে যাবেন দৌলতপুর অথবা কুষ্টিয়ায়। তাঁরা জানালেন, এলাকার পরিবেশ আগের চেয়ে ভালো।
২০০৫ সালের ২৫ এপ্রিল প্রথম আলোতে ‘বাঘা-লালপুর দৌলতপুরের তিন গ্রামে পান্না বাহিনীর সন্ত্রাস, ৬০ পরিবার বাড়িছাড়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তারপর পান্না স্থানীয় আওয়ামী লীগের এক নেতার কাছে এই প্রতিবেদকের খোঁজ নিয়েছিলেন। কিছুদিন পরেই বন্দুকযুদ্ধে পান্না নিহত হন। একইভাবে তাঁর প্রতিপক্ষ লালচাঁনসহ দুই বাহিনীর অন্তত ২৫ জন সদস্য নিহত হন। তারপর শান্ত হয়েছে পদ্মার চর। চরের ঘাটে ঘাটে ঘুরে সেই চিত্রই পাওয়া গেল।
আবেদের ঘাটের নৌকা ছাড়ার নির্ধারিত সময় আছে। সকাল সাড়ে আটটায় বাঘার পথে নৌকা ছাড়ে। সকাল নয়টার দিকে বাঁক ঘুরে নৌকা দৌলতপুরের চিলামারী ইউনিয়নের দিকে মুখ ফেরাল। এখানে নদী শান্ত। দুই পাশে সাত–আটটি দল নদী থেকে বেড়জাল টেনে তুলছেন। ছোট নৌকায় খেয়াজাল নিয়ে ভাসছেন আরও অনেক মানুষ। একটা শান্ত–স্নিগ্ধ পরিবেশ। নৌকা ভিড়ল বহেরমাদী ঘাটে। মনে পড়ল এই চিলমারীর ভাটিতে দৌলতপুরের মরিচা ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুস আলীকে হাত–পা বেঁধে পানিতে ফেলে দিয়ে হত্যা করেছিলেন পান্না বাহিনীর লোকজন।
চিলমারী ইউনিয়নের ঘাটে এখন যাত্রীছাউনি হয়েছে। বিদ্যুৎ এসেছে। সাতসকালে পাটের গাড়ি এসে দাঁড়িয়েছে। নৌকায় পাট যাবে দৌলতপুরে। ঘাটের পাশে একদল মানুষ বেড়জাল টেনে তুলেছেন। জনা পঞ্চাশেক মানুষ ভিড় করে সেই মাছ দেখছেন। বাড়ির পোষা মুরগি হাতে নিয়ে এক গৃহবধূ উঠছেন নৌকায়। যাচ্ছেন বাঘায়। বাপের বাড়ি। পেছনে খেয়া ধরার জন্য ছোট বাচ্চা নিয়ে দৌড়াচ্ছেন এক নারী। নৌকা থামানোর জন্য তাঁর পেছন থেকে হাঁক দিচ্ছেন মাঝবয়সী এক লোক। চারদিকে প্রাণচাঞ্চল্য। সব যেন ছবির মতো। নিশ্চয় এই ছবি নতুন যুগের। নৌকার ওঠার পরে চিলমারীর ইলেকট্রনিকস পণ্যের দোকানি কবির হোসেন এ রকমই ধারণা দিলেন।
নৌকার যাত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে একটি বিষয় পরিষ্কার হলো। পদ্মা নদীর দুই তীরের (বাঘা ও দৌলতপুর) মানুষের কথ্য ভাষা একই। মাঝখানে বিস্তীর্ণ চরের মানুষের ভাষা আলাদা; তাঁরা কথা বলছেন মানিকগঞ্জ, ফরিদপুরের স্থানীয় মানুষের ভাষায়। পদ্মার চর জাগার পরে তাঁদের পূর্বপুরুষেরা ওই অঞ্চল থেকে এসে বসতি গড়েছিলেন।
চারটি জেলার কয়েকটি এলাকা নিয়ে বিস্তৃত হয়েছে চরাঞ্চল। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা, ফিলিপনগর রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়ন, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ, বাহাদুরপুর ও মোকারিমপুর, পাবনার সাঁড়া ইউনিয়ন, নাটোরের লালপুর সদর ও বিলমাড়িয়া ইউনিয়নের অংশবিশেষ এবং বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পুরোটা পড়েছে এই চরে। বর্তমানে এই চরে লক্ষাধিক মানুষের বাস। যাঁদের জীবিকা মূলত কৃষিকাজ, নদীতে মাছ শিকার ও গবাদিপশু পালন।
পদ্মার মূল ধারা বাঘার চকরাজাপুর ইউনিয়ের গা ঘেঁষে বয়ে যাচ্ছে। মনে পড়ল, এই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামে এক রাতে হামলা করে পান্নার লোকেরা বাঘা উপজেলা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের ভাই ও দুই চাচাকে হত্যা করেছিলেন। সেই গ্রামের গা ঘেঁষে নৌকা চলছে পশ্চিম দিকে। তীরে দাঁড়ানো নদীভাঙা মানুষ। কেউ কেউ বাড়িঘর সরাতে ব্যস্ত। চরে পাকা রাস্তা হয়েছিল। রাস্তা ভেঙে নদীতে পড়েছে। সরিয়ে নিতে হয়েছে বিদ্যুতের খুঁটি। সড়কঘাটে নৌকা ভিড়তে সাড়ে ১০টা বেজে গেল।
বাঘার সড়কঘাটে নেমেই মুঠোফোনে কথা হলো জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি বললেন, এই চরের সন্ত্রাসীদের হাতে স্বজনদের হারিয়েছেন। তিনি বিএনপির রাজনীতি করেন। ধারণা করেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে যাবে, কিন্তু তা হয়নি। এ জন্য তিনি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। তিনি দলের লোকদেরও ছাড় দেননি।