
নারায়ণগঞ্জ শহরের ১৩ নম্বর ওয়ার্ডের আমলাপাড়া এলাকার বাসিন্দা ফারহানা হোসেন দুই কক্ষের ফ্ল্যাট বাসায় ভাড়া থাকেন। দুই সন্তান। গত বৃহস্পতিবার তাঁর বাসায় দেখা যায়, বাচ্চাদের মশার উৎপাত থেকে বাঁচাতে দিনের বেলায় দুটি কয়েল জ্বালিয়েছেন। কিন্তু উৎপাত কমছে না। তিনি বলেন, রাতে মশার অত্যাচার কয়েক গুণ বেড়ে যায়। কয়েল জ্বালিয়েও মশা তাড়ানো যায় না। মশার কামড় থেকে রক্ষা পেতে অনেক সময় দিনের বেলায় বাচ্চাদের মশারি টাঙিয়ে দেন তিনি।
মশার উৎপাতে একই রকম ভোগান্তির কথা জানান প্রতিবেশী কৃষ্ণা রানী। তিনি বলেন, শীত আসার সঙ্গে সঙ্গে মশার অত্যাচার বেড়েছে। আগে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হলেও এখন তা দেওয়া হচ্ছে না। মশা তাড়াতে কয়েল জ্বালালে ধোঁয়া থেকে শ্বাসকষ্ট ও মাথাব্যথা শুরু হয়।
এ ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম। তিনি বলেন, মশা নিধনে তাঁর ওয়ার্ডে পাঁচজন কর্মী স্প্রে করছেন। মশার লার্ভা ধ্বংসে ডোবা-নালায় নিয়মিত ওষুধ ছিটানো হয়। ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো বন্ধ থাকায় উড়ন্ত মশা মরছে না।
মশার উৎপাত এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে বলে জানিয়েছেন ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হোসেন। তিনি বলেন, সকালে নালায় স্প্রে করে ওষুধ ছিটানো হচ্ছে। কিন্তু ফগার মেশিনে ব্যবহৃত ওষুধের সরবরাহ নেই।
মশার বংশবিস্তার ঘটছে। নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করার দাবি জানিয়েছেন নগরবাসী। গতকাল শনিবার সিদ্ধিরগঞ্জের নয়ামাটি এলাকার খামারমালিক তৈয়ব আলীর খামারে দেখা যায়, মশার কামড় থেকে রক্ষা পেতে খামারের গরুগুলোকে মশারি টাঙিয়ে রেখেছেন তিনি। তিনি বলেন, প্রচুর মশার উৎপাত। গরুগুলোকে মশা থেকে বাঁচাতে মশারি টাঙিয়ে দিয়েছেন তিনি। কখনো তাঁদের এলাকায় মশার ওষুধ ছিটানো হয়নি।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মশা রোধে ওষুধ ও মেশিন বাবদ সিটি করপোরেশন ২০২১-২২ অর্থবছরে ৪ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার টাকা ও ফগার মেশিনের জ্বালানি বাবদ ২০ লাখ ৬ হাজার টাকা বরাদ্দ দেয়। ২০২২-২৩ অর্থবছরে ওষুধ ও মেশিন বাবদ বরাদ্দ কমে ২ কোটি টাকা করা হয় এবং ফগার মেশিনের জ্বালানি ব্যয় বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ৬০ লাখ টাকা।
মশা নিধনে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পাল। প্রথম আলোকে তিনি বলেন, ২৭টি ওয়ার্ডে ১৬৮ জন মশকনিধনকর্মী দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া তাঁদের ২০ জনের একটি স্পেশাল টিমও কাজ করছে। তিনি বলেন, শীতে অ্যানোফিলিস মশার উৎপাত বেড়ে যায়। এটা শুধু এখানে নয়, সবখানেই বাড়ে। মশার বংশবিস্তার রোধে নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে।