আনোয়ারায় আহত শকুন উদ্ধার, চিড়িয়াখানায় ঠাঁই

আনোয়ারার শঙ্খ নদ বেড়িবাঁধ থেকে উদ্ধার হওয়া শকুন। পাখিটিকে চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম চিড়িয়াখানায় রাখা হয়েছে
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি আহত শকুন উদ্ধার করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের শঙ্খ নদ বেড়িবাঁধ থেকে আহত অবস্থায় শকুনটি উদ্ধার করা হয়। চিকিৎসা শেষে শকুনটি চট্টগ্রাম চিড়িয়াখানায় রাখা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে শঙ্খ নদের বেড়িবাঁধ এলাকায় একটি আহত শকুন দেখতে পান এলাকাবাসী। তাঁরা শকুনটি উদ্ধার করে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের কাছে নিয়ে যান। আহত শকুনটিকে চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাশ বলেন, শকুনটির আনুমানিক বয়স ১৪ মাস। ওজন ২০ কেজি। শকুনটি আকাশে উড়তে না পারায় বেড়িবাঁধে পড়ে ছিল। তবে পাখিটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

স্থানীয় সাংবাদিক নেজাম উদ্দিন বলেন, শকুন উদ্ধারের খবর পেয়ে এলাকার অনেক মানুষ দেখতে যান। পরে শকুনটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, শকুনটি উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।