‘চার প্রজন্ম ধরে কেবল দারিদ্র্যই দেখে এসেছি’

শরীয়তপুর জেলা শহরে শিশুকানন কিন্ডারগার্টেনের সামনের ফুটপাতে বসে কাজ করেন বিশ্বনাথ ঋষি
ছবি: প্রথম আলো

কাঠের একটি বাক্স কাঁধে ঝুলিয়ে কাকডাকা ভোরে বেরিয়ে পড়েন বিশ্বনাথ ঋষি (৫৩)। জীবন-জীবিকার তাগিদে ৪০ বছর ধরে এভাবেই রোজ সকালে বের হন তিনি। অভাব আর দারিদ্র্যে জড়িয়ে থাকা বিশ্বনাথ লড়াইটা এখন আর ঠিকমতো চালিয়ে নিতে পারছেন না। তাঁর আয়ে বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তান নিয়ে সংসার আর চলছে না। অনাহারে না থাকলেও পরিবারের সদস্যদের নিয়ে পার করছেন কষ্টের জীবন।

বিশ্বনাথ ঋষির ভাষ্যে, চার প্রজন্ম ধরে দারিদ্র্য দেখছেন তিনি। কষ্টের এ জীবন এড়াতে পারেননি তাঁর দাদা, বাবা, তিনি নিজে ও তাঁর সন্তান। দারিদ্র্যের কারণে তাঁর লেখাপড়া করা হয়নি। এ জন্য ছেঁড়া জুতা ও ব্যাগ সেলাই করাই তাঁর আয়ের একমাত্র উপায়।

শরীয়তপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় বিশ্বনাথ ঋষির বসবাস। বাবার অভাবের সংসারে পড়ালেখার সুযোগ পাননি। ১৩ বছর বয়সে মুচি পেশার সরঞ্জাম নিয়ে কাঠের বাক্স কাঁধে রাস্তায় নামতে হয় বিশ্বনাথকে। আশির দশকে তিনি ছোট্ট পালং থানা সদরের (বর্তমান জেলা সদর) অলিগলি ঘুরে মুচির কাজ শুরু করেন। এরপর পালং বাজারের উত্তর মাথা, পালং থানার সামনে, সিনেমা হলের সামনে ও বটতলা এলাকায় ফুটপাতে বসে মুচির কাজ করতেন। ১০ বছর যাবৎ বসছেন শিশুকানন কিন্ডারগার্টেন স্কুলের সামনে।

স্কুলের সামনে বসি। বাচ্চাদের স্কুলব্যাগ, তাদের জুতার টুকটাক কাজ পাই। এতে দিনে ২০০ টাকার বেশি আয় করতে পারি না। ২০০ টাকায় কি এই বাজারে একটা সংসার চলে?
বিশ্বনাথ ঋষি

বিশ্বনাথ ঋষির বাবা পরেশ ঋষি ২০০২ সালে মারা যান। মা ননী বালা ঋষি (৮৫) ছেলের সঙ্গে থাকেন। বিশ্বনাথের এক ছেলে, এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে স্থানীয় বাজারে সেলুনে শ্রমিকের কাজ করেন।

বিশ্বনাথ ঋষি প্রথম আলোকে বলেন, ‘আমাদের চার প্রজন্মের হাত ঘুরে এখন ১ শতাংশ জমিই শেষ সম্বল। মুচির কাজে আগের মতো আয়ও নেই। মানুষ এখন আর পুরোনো জুতা সেলাই করতে আসে না। কালিও খুব কম লোকে করায়। স্কুলের সামনে বসি। বাচ্চাদের স্কুলব্যাগ, তাদের জুতার টুকটাক কাজ পাই। এতে দিনে ২০০ টাকার বেশি আয় করতে পারি না। ২০০ টাকায় কি এই বাজারে একটা সংসার চলে? মায়ের ওষুধ, নিজেদের সংসার খরচ, নানা সুবিধা-অসুবিধার ব্যয় এখন আর বহন করতে পারছি না। পরিবারের প্রত্যেক সদস্যই কষ্ট পাচ্ছে।’

শরীয়তপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোয়াজ্জেম ঢালী বলেন, ‘ঋষি সম্প্রদায়ের যারা আছে, তারা অনেক সহজ–সরল। তাদের দারিদ্র্য আছে। আমরা পৌরসভা, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে তাদের সহায়তা করে থাকি। তাদের অবস্থা হয়তো উন্নত করতে পারব না, কিন্তু আমরা তাদের পাশে আছি, থাকব।’
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘সরকারের নানা প্রকল্প রয়েছে মানুষকে সহায়তা করার। খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস কর্মসূচি পৌর এলাকায় এখন চলমান। আমরা খোঁজ নিয়ে দেখব, ঋষি সম্প্রদায়ের কেউ অসহায় অবস্থায় আছে কি না। কারও সমস্যা থাকলে আমরা পাশে দাঁড়াব।’