সৈয়দপুরে মেয়রের বাধায় রেলওয়ের উচ্ছেদ অভিযান স্থগিত

নীলফামারী সৈয়দপুর শহরের রেলওয়ের জমি দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনার সময় বাধা দেন মেয়র রাফিকা আকতার হোসেন
ছবি: প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রেলওয়ের জমি দখলমুক্ত করতে বুধবার অভিযান চালানো হয়। অভিযান চলাকালে শহরের প্রাণকেন্দ্র তামান্না সিনেমা হলে তালা লাগাতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় পৌর মেয়র রাফিকা আকতার জাহানসহ অন্যরা উপস্থিত হয়ে বাধা দিলে রেল কর্তৃপক্ষ অভিযান স্থগিত করে।

আজ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর ভূসম্পত্তি কর্মকর্তা ও বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সৈয়দপুর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী (প্রকল্প /কারখানা) আহসান উদ্দিন, ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ অফিসের সহকারী প্রকৌশলী (আই ও ডব্লিউ) আশরাফুল ইসলাম, পার্বতীপুর ফিল্ড কানুনগো অফিসের কানুনগো জিয়াউল হক।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা সাড়ে তিনটার দিকে শহরের প্রাণকেন্দ্রে তামান্না সিনেমা হলে তালা লাগাতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় পৌর মেয়র রাফিকা আকতার জাহানসহ সব কাউন্সিলর উপস্থিত হয়ে উচ্ছেদ অভিযান বন্ধের অনুরোধ জানান। এতে ম্যাজিস্ট্রেট সম্মত না হওয়ায় মেয়র বলেন, সৈয়দপুরবাসীর কোনো স্থাপনায় বুলডোজার চালানোর আগে তাঁর ওপর দিয়ে যেতে হবে। এ সময় উপস্থিত জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান স্থগিত করে চলে যায়।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, তামান্না সিনেমা হল রেলের জমিতে নির্মাণ করা হয়েছে। এ জমি রেলের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছিল। তবে ইজারার মেয়াদ শেষ। এ কারণে তাঁরা হলটি বন্ধ করে রাখতে চেয়েছিলেন। তবে বাধার মুখে তা পারেননি।

সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বলেন, ‘আমার পৌর এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হবে অথচ আমরা কিছুই জানব না, এটা বিধিবদ্ধ নয়। এ কারণে আমরা উচ্ছেদে বাধা দিয়েছি। অবশ্য রেলওয়ে কর্তৃপক্ষ এরপরই তাদের অভিযান বন্ধ করে দিয়েছে।’

নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। বুধবার বিকেলে তোলা ছবি

এর আগে সকাল ১০টার দিকে প্রথমে শহরের বাঙ্গালীপুর এলাকায় বিসিক শিল্পনগরী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের সামনে অভিযান চালানো হয়। সেখানে প্রায় পাঁচ একর জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়। এ সময় সাদ কমপ্লেক্সে তালা লাগিয়ে দেওয়া হয়। সিলগালা করা হয় কয়েকটি স্থাপনা। এ ছাড়া অবৈধ দখলদার সাইফুল ইসলামকে ১০ হাজার, সাইদুর রহমানকে ১১ হাজার ৫০০ টাকা, ওয়ালটন শোরুমকে ৩০ হাজার এবং মাহবুবুর রহমান, আখতার হোসেন ও শহিদুল ইসলামকে ১৫ হাজার করে জরিমানা করা হয়। এ ছাড়া মুন্সিপাড়ায় সরকারি কাজে বাধা দেওয়ায় আনিছুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, তাঁরা উচ্ছেদকাজ পরিচালনার জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছেন। দুদিন ধরে সৈয়দপুর শহরে মাইকে এ-সংক্রান্ত ঘোষণা প্রচার করা হয়েছে। এরপরও যাঁরা অবৈধ স্থাপনা সরাননি, তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।