অবৈধভাবে বালু তোলায় দুই ব্যবসায়ীকে কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে পুকুর থেকে বালু তোলার দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর শিহিপাশা এলাকায় অভিযান চালিয়ে দুই বালু ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে ইউএনও মো. সাখাওয়াত হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সুলতান সরদারের ছেলে সুজন সরদার (২৫) এবং কালুপাড়া গ্রামের মজিবর সরদারের ছেলে মনির সরদার (২৪)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উত্তর শিহিপাশা এলাকায় সুজন সরদার ও মনির সরদার নামের দুই ব্যবসায়ী খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন, এমন খবর পেয়ে আগৈলঝাড়া থানার পুলিশ সেখানে অভিযান চালায়।

ইউএনও সাখাওয়াত হোসেন বলেন, অবৈধ বালু ব্যবসায়ী ও সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ীকে আজ শুক্রবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।