নিজেদের তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ নিয়ে আয়োজকদের মধ্যে প্রবল উদ্দীপনা। কিন্তু বিধি বাম! আগের রাত থেকে মুষলধারে বৃষ্টি। প্রদর্শনীর দিন সকাল থেকে আবার বৃষ্টি আয়োজকদের কপালে ফেলে চিন্তার ভাঁজ। তবে শেষ পর্যন্ত বৃষ্টি বাধা হতে পারেনি। নির্ধারিত সময়ে বৃষ্টি উপেক্ষা করে ধীরে ধীরে আসতে থাকেন দর্শক। একপর্যায়ে পুরো কক্ষ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শুরু হয় প্রদর্শনী। একে একে প্রদর্শিত হয় ৩২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, যার আয়োজন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগের ২৯তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ‘ভিডিও প্রোডাকশন’ কোর্সের অংশ হিসেবে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো এখানে প্রদর্শিত হয়। এর বাইরে বিভাগের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের তৈরি আরও কিছু শর্ট ফিল্মও প্রদর্শিত হয়। যার মধ্যে ছিল ‘নৌকাডুবি’, ‘আটটা বাজে দেরি করিস না’, ‘প্রত্যাবর্তন’, ‘লিভ ইউওর লাইফ, হেল্প হ্যাক’, ‘সাফারিং’, ‘সাদাবেলা’, ‘বাঘবন্দী’, ‘গ্র্যান্ডমাস্টার’, ‘অন্ত্যেষ্টি’ ইত্যাদি।
অনুষ্ঠানে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, সহকারী অধ্যাপক আবদুল্লাহীল বাকী ও বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রদর্শনী শেষে অনুভূতি ব্যক্ত করে বিভাগের ৩০ ব্যাচের আরেক শিক্ষার্থী মেঘনা রহমান বলেন, ‘কিছু মানুষ এত অক্লান্ত পরিশ্রম করে নতুন কিছু করছে, এটা দেখতে যাওয়া উচিত আগেই ভেবে রেখেছিলাম। তাই বৃষ্টিটাও বাধা হতে পারেনি। ফিল্ম প্রদর্শনী চলাকালীন মুগ্ধ হয়ে দেখছিলাম। শব্দ, দৃশ্য, কাহিনিতে অন্য রকম একটা অনুভূতি তৈরি হচ্ছিল। সেই সব কাহিনি আর চরিত্রগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে।’
বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী ও নির্মাতা মেহেদী হাসান বলেন, এই প্রদর্শনীতে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নির্মিত শর্ট ফিল্ম দেখানো হয়। টানা ১০ ঘণ্টা বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সব মিলিয়ে উপভোগ্য সময় কেটেছে।
এ বিষয়ে কোর্স শিক্ষক আবদুল্লাহীল বাকী বলেন, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রের জন্য উপযুক্ত করে তৈরি করতে হলে তাত্ত্বিক বিষয়ের সঙ্গে সঙ্গে ব্যবহারিক বিষয়ে সমান দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ধরনের প্রদর্শনীর আয়োজন শিক্ষার্থীদের অডিও-ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরিসহ সৃষ্টিশীল কাজে অনুপ্রেরণা জোগাবে।