
রাজশাহীর গোদাগাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে ইটভাটায় উঠিয়ে নিয়ে গিয়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সামিউল আলম (১৬) নামের ওই শিক্ষার্থীকে আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
উপজেলার লস্করহাটি গ্রামে গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সামিউল গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী। সে গোদাগাড়ী পৌরসভার গড়ের মাঠ মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে।
এ ঘটনায় সামিউলের মা হালিমা বেগম বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান পরিবারের সদস্যরা। তবে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পর ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ করার জন্য খবর দেওয়া হয়েছে। তারা এখনো অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের অভিযোগ অনুযায়ী, গোদাগাড়ীর লস্করহাটি গ্রামের মেহেদী পলাশ (২৫), মহিশালবাড়ি আলীপুর মহল্লার আবদুল আওয়াল (২৫), গড়ের মাঠের মো. জাহিদ (১৪) এবং মাদারপুর মহল্লার শাহরিয়ার জয়সহ (১৮) আরও তিন-চারজন সামিউলকে নির্যাতন করে। এলাকায় তারা বখাটে ও মাদকসেবী হিসেবে পরিচিত।
এ ব্যাপারে অভিযুক্ত যুবকদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। চেষ্টা করেও তাদের ফোন নম্বর জোগাড় করা যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী সামিউল আলম জানায়, মেহেদী পলাশের সঙ্গে তার চাচাতো বোন কথা বলে। সামিউল তার বোনকে মেহেদীর সঙ্গে কথা বলতে নিষেধ করে। এ কারণে ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে গোদাগাড়ীর ফায়ার সার্ভিসের মোড় থেকে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে তাকে মারধর করা হয়। এরপর আবার মোটরসাইকেলে তুলে লস্করহাটি গ্রামের একটি ইটভাটায় নিয়ে গিয়ে ছয়-সাতজন মিলে তাকে নির্যাতন করে। তার শরীরের বিভিন্ন অংশে জলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। চড়থাপ্পড়সহ লাঠি দিয়ে মারধর করা হয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে সামিউলকে দিয়েই তার বন্ধুদের ফোন করিয়ে ডেকে আনা হয়। বন্ধুরা তাকে উদ্ধার করে সেদিনই গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করে। এরপর সেখান থেকে বৃহস্পতিবার তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।