পাবনার বেড়া

কোটি টাকার সড়কটি এখন পরিত্যক্ত

সড়কের কিছু জায়গা ভেঙেচুরে এমন বেহাল হয়েছে যে হাঁটাও সেখানে দুষ্কর। এ ছাড়া সড়কের দুই পাশে ঝোপঝাড় বেড়ে উঠেছে।

পাবনার বেড়া উপজেলায় সংস্কারের অভাবে বড়শিলা-নলভাঙ্গা-খাকছাড়া সড়কটি এখন পরিত্যক্ত।
সাম্প্রতিক ছবি: প্রথম আলো

সড়কের পিচঢালাই উঠে গেছে। বেরিয়ে পড়েছে ভেতরে থাকা মাটি। সড়কের পাশে ঝোপঝাড়। সংস্কারের অভাবে পাবনার বেড়া উপজেলায় বড়শিলা থেকে নলভাঙ্গা হয়ে খাকছাড়া পর্যন্ত নির্মিত পাঁচ কিলোমিটার সড়ক এখন পরিত্যক্ত। অথচ এক যুগ আগে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে এ সড়ক নির্মাণ করা হয়।

সম্প্রতি ঘণ্টাখানেক অপেক্ষা করে দেখা যায়, সড়ক দিয়ে মানুষ চলাচল করছে না। সড়কের কিছু জায়গা ভেঙেচুরে এমন বেহাল হয়েছে যে হাঁটাও সেখানে দুষ্কর। এ ছাড়া সড়কের দুই পাশে ঝোপঝাড় বেড়ে উঠেছে। ফলে পোকামাকড় ও সাপের ভয়ে অনেকে সে সড়ক দিয়ে যায় না।

নলভাঙ্গা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘একসময় আমরা এই পথে খুব সহজে সদরে ফসল নিয়্যা যাইব্যার পারত্যাম। এখন দিনের বেলাতেও এই সড়ক দিয়্যা হাঁইট্যা যাতি ভয় হয়। মালামাল নিয়্যা আমরা এখন ১০ থেকে ১৫ কিলোমিটার অতিরিক্ত ঘুইর‌্যা উপজেলা সদরে যাই।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বেড়া কার্যালয় সূত্রে জানা যায়, ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ২০০৯-১০ অর্থবছরে বড়শিলা-নলভাঙ্গা-খাকছাড়া সড়কের কাজ শেষ হয়। বেড়া পৌরসভার বড়শিলা থেকে চাকলা ইউনিয়নের নলভাঙ্গা হয়ে খাকছাড়া পর্যন্ত এই সড়কের দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। সড়কটির বেশির ভাগই বিল এলাকার মধ্য দিয়ে চলে গেছে। এ সড়কটি নির্মাণের পরে উপজেলা সদরের সঙ্গে চাকলা ও কৈতলা ইউনিয়নের নলভাঙ্গা, খাকছাড়া, চাকলা, দমদমা, জয়নগর, কৈতলাসহ অন্তত ১০টি গ্রামের মানুষের যাতায়াত সহজ হয়ে ওঠে।

এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের প্রাণের দাবি ছিল বড়শিলা থেকে খাকছাড়া পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হোক। দাবির পরিপ্রেক্ষিতে এলজিইডির তত্ত্বাবধানে বিলের মধ্য দিয়ে সড়কটির নির্মাণকাজ শুরু হয়। কিন্তু সড়কটি সেভাবে মজবুত করে করা হয়নি। নিচু ও সরু করে নির্মাণ করা হয়। নির্মাণের সময় এলাকাবাসী এ ব্যাপারে বারবার আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি।

স্থানীয় লোকজন আরও বলেন, নির্মাণের প্রথম বছর থেকেই বৃষ্টি ও বিলের পানির আঘাতে সড়কটি ভেঙে যেতে থাকে। এ ছাড়া নিচু করে নির্মাণ করায় বর্ষাকালে সড়কের কয়েকটি জায়গা ডুবে যায়। সাত থেকে আট বছর সড়কটি যানবাহন চলাচলের উপযোগী ছিল। কিন্তু একবারের জন্যও সংস্কার না করায় এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এক-দুই বছর ধরে সড়কটি দিয়ে রিকশা-ভ্যানও চলাচল করতে পারে না।

এরপরেও এলাকার লোকজন হেঁটে সড়কটি দিয়ে যাতায়াত করতেন। কিন্তু সড়কের পাশে ঝোপঝাড় বেড়ে ওঠায় এখন হাঁটাচলাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সড়ক দিয়ে হাঁটার সময় প্রায়ই বিষধর সাপের দেখা মেলে। ফলে লোকজন ভয়ে চলাচল কমিয়ে দিয়েছে।

খাকছাড়া গ্রামে অবস্থিত বঙ্গবন্ধু আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হোসেন বলেন, ‘সড়কটি চালু হওয়ার পর বড়শিলা, নলভাঙ্গা, হাটুরিয়া, জগন্নাথপুরসহ কয়েকটি গ্রামের অনেক শিক্ষার্থী আমার স্কুলে পড়াশোনা করত। অথচ এখন ওই সব গ্রামের শিক্ষার্থীদের আমার স্কুলে হেঁটে আসারও উপায় নেই। এতে স্কুলের শিক্ষার্থী কমে গেছে। একসময়ের ব্যস্ত সড়কটিতে এখন ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে।’

চাকলা ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার বলেন, সড়কটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় অন্তত ১০টি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা সদরের সঙ্গে এখন অনেক ঘোরা পথে যাতায়াত করতে হয়। তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও কষ্ট হচ্ছে।

এলজিইডির বেড়া উপজেলা প্রকৌশলী মো. আখতারুজ্জামান বলেন, ইতিমধ্যেই সড়কটির সংস্কারকাজের ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) অনুমোদন হয়েছে। শিগগিরই সংস্কারকাজ শুরু হবে বলে আশা করছেন।