চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক মোড়ে এ কর্মসূচির আয়োজন করে নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা।
সমাবেশে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, মাদক, জুয়া, পর্ণগ্রাফি বন্ধসহ সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে গণ–আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন, সদস্য রাহেলা সিদ্দিকা, কলি রাণী, মাহমুদা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকা-সিরাজগঞ্জ হাইওয়ের এ ঘটনা বলে দেয়, দেশের হাইওয়ে পুলিশের দায়িত্বশীলতার প্রমাণ। হাইওয়ে পুলিশ একদিকে ব্যস্ত থাকে চাঁদা তোলার কাজে, অন্যদিকে সাধারণ মানুষের জানমালের দায়িত্ব থাকে ডাকাত, নির্যাতকদের হাতে। আজ সমাজের সর্বত্রই চলছে লুটপাটের সংস্কৃতি, কোথাও নিরাপত্তা নেই।
২ আগস্ট সন্ধ্যায় কুষ্টিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঈগল পরিবহনের বাসে যমুনা সেতুর পশ্চিম পাড়ে সুসংগঠিত একটি ডাকাত দল যাত্রী বেশে গাড়িতে ওঠে। তারা ২৪-২৫ জন যাত্রীকে জিম্মি করে তাঁদের টাকাপয়সা, মুঠোফোনসহ সবকিছু ছিনিয়ে নেয়। এ সময় যাত্রীদের জিম্মি করে তাঁদের মারপিট করা হয়। এ সময় বাসে থাকা এক নারী যাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেন ডাকাত দলের সদস্যরা।