
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে স্লেজিং (কটু কথা) করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ রোববার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে ম্যানেজমেন্ট স্টাডিজ ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক-শিক্ষার্থীরা সবাই গণিত বিভাগের। আহত শিক্ষক অধ্যাপক জাকির হোসেন মাথায় আঘাত পেয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত শিক্ষার্থীরা হলেন শহীদ আখতার, মানিক বাবু, সাইদ সিয়াম, মনির আহমেদ, আলী আহসান, সানাউল্লাহ, হাসিব মেজবাহ, অর্ণব, আল আরাফ, সাব্বির, লিখন, নাঈম, মুহিত প্রমুখ। তাঁদের মধ্যে শহীদ, মানিক, সাইদ, মনির, আরাফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও গণিত বিভাগের মধ্যে খেলা ছিল। খেলায় গণিত বিভাগ তিন রানে জয়ী হয়। খেলা শেষে বিকেল সাড়ে চারটার দিকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সমর্থকেরা স্টেডিয়াম ত্যাগ করার সময় স্লেজিং করা নিয়ে গণিত বিভাগের সমর্থকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে ম্যানেজমেন্ট বিভাগের সমর্থকেরা স্টেডিয়ামের বাইরে থেকে গণিত বিভাগের সমর্থকের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে তাঁরা স্টেডিয়ামের উত্তর পাশের ফটক ভেঙে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ভেতরে ঢোকেন। দুই বিভাগের সমর্থকেরা মুখোমুখি অবস্থান নিলে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা। এ সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে গণিত বিভাগের সমর্থকদের ওপর হামলা করেন। পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এতে গণিত বিভাগের অধ্যাপক জাকির হোসেনসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামের মধ্যে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছিল। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে, এতে সাত থেকে আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে এই মুহূর্তে সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। এ ধরনের খেলায় দুই গ্রুপের শিক্ষক থাকার কথা। কিন্তু খেলায় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষকদের পর্যাপ্ত উপস্থিতি ছিল না।
জানতে চাইলে গণিত বিভাগের সভাপতি আসাবুল হক প্রথম আলোকে বলেন, স্টেডিয়াম থেকেই ঘটনার সূত্রপাত। হামলায় তাঁদের এক শিক্ষকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি শেখ শামসুল আরেফিন বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। প্রথমে গণিত বিভাগের শিক্ষার্থীরা তাঁদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইটপাটকেল ছোড়েন। তাঁদের হতাহতের সংখ্যা এই মুহূর্তে বলতে পারছেন না।