নরসিংদীতে পুকুর থেকে গৃহবধূর লেপমোড়ানো লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

নরসিংদী সদর উপজেলায় পুকুর থেকে এক গৃহবধূর লেপমোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের গাজীবাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই গৃহবধূর নাম আরিফা বেগম ওরফে দিপা (৪২)। তিনি নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের বুধিয়ামারা এলাকার আরমান মিয়ার স্ত্রী ও সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ওমর ফারুক কাজীর মেয়ে। আরিফা–আরমান দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন। আরিফা বেগমের বাবার দাবি, আরিফার শ্বশুরবাড়ির লোকজনই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, আজ সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন গাজীবাড়ির পুকুরে দড়ি দিয়ে বাঁধা একটি লেপ ভেসে থাকতে দেখেন। বিষয়টি নিয়ে তাঁদের সন্দেহ হলে তাঁরা লেপটি টেনে পাড়ের দিকে নিয়ে আসেন। এ সময় ওই লেপের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে যান। পরে নরসিংদী মডেল থানা–পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
পাড়ে তোলার পর গৃহবধূর লাশের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানতে চাইলে নিহত গৃহবধূর বাবা ওমর ফারুক কাজী বলেন, ‘পারিবারিকভাবে বিয়ে হওয়ার এত বছর পরও আমার মেয়ে শান্তিতে ছিল না। তাঁর স্বামী আরমান কিছুদিন পরপর যৌতুকের জন্য আমার মেয়েকে চাপ দিত। আমিও কয়েক দফায় মোট দুই লাখ টাকার মতো দিয়েছি। কিন্তু আরও টাকার জন্য আরমান তাঁকে প্রায়ই মারধর করত। অনেকবারই মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে রেখেছিলাম। আর মারধর করা হবে না বলে বারবার আরমান তাঁকে নিজ বাড়িতে নিয়ে এসেছে।’

ওমর ফারুক কাজী আরও বলেন, আজ সকালে তাঁরা পুকুর থেকে তাঁর মেয়ের লাশ উদ্ধারের খবর জানতে পারেন। তাঁর মেয়ের শ্বশুরবাড়ির লোকজন যেহেতু পালিয়ে গেছেন, তাই শ্বশুরবাড়ির লোকজনই এ হত্যার সঙ্গে জড়িত।

এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছেন। তাই এ বিষয়ে কারও বক্তব্য পাওয়া যায়নি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আরিফা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতের কোনো এক সময় ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।