
শিক্ষাজীবন শেষ করে কেউ বেরিয়ে গেছেন ২০ বছর আগে। কেউবা সদ্য পড়াশোনার পাট চুকিয়েছেন। তাঁদের কেউ দেশের বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্ব পালন করছেন। কেউবা সংসারের হাল ধরেছেন। বয়সের মধ্যেও আছে বিস্তর ফারাক। তবে তাঁরা সবাই স্মৃতির টানে সমবেত হয়েছিলেন প্রিয় প্রাঙ্গণে, মিলেছিলেন প্রাণের বন্ধনে।
শুক্রবার দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে মেতেছিলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। পুনর্মিলনীর আয়োজন করা হয় শহর থেকে তিন কিলোমিটার দূরে বায়তুল আমান এলাকায় অবস্থিত কলেজটির স্নাতক ও স্নাতকোত্তর শাখায়। উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সমাজকর্ম বিভাগের মিলনায়তনে। এরপর পুরোনো শিক্ষার্থীদের কোলাহলে মুখর হয় পুরো ক্যাম্পাস।
দীর্ঘদিন পর প্রাণের ক্যাম্পাসে সহপাঠীদের পেয়ে আনন্দ–উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। কথা হয় বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মণদীয়া গ্রামের মো. মাসুম বিল্লার (৩৩) সঙ্গে। তিনি ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র। বর্তমানে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রশিক্ষক হিসেবে কর্মরত।
মাসুম বিল্লা বলেন, ‘স্মৃতিবিজড়িত কলেজ চত্বরে কত সোনালি সময় কাটিয়েছি। পুনর্মিলনীতে এসেছি সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হবে সেই আশায়। এসেই দেখা মিলল প্রাণের বন্ধুদের সঙ্গে। অনুষ্ঠানে এসে কী যে ভালো লাগছে, তা বলে বোঝাতে পারব না।’
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে পুনর্মিলনী অনুষ্ঠানে আসেন কয়েক বছর আগে পাস করা স্বপ্না পাল (৩০)। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা কলেজে ভাইবোন, স্বজনদের মতো সময় কাটিয়েছি। পুনর্মিলনীতে এসে দীর্ঘদিন পর ঘনিষ্ঠ দুই বান্ধবীর সঙ্গে দেখা হলো। মনে হচ্ছে, কলেজের সেই দিনগুলোতে ফিরে গেছি।’
স্ত্রী ও দুই সন্তান নিয়ে কানাইপুরের রণকাইল থেকে পুনর্মিলনী অনুষ্ঠানে আসেন মো. ইব্রাহিম মোল্লা (৩৬)। তিনি ২০০৫-০৬ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ইব্রাহিম বলেন, ‘১৫–১৬ বছর পর বন্ধুদের সঙ্গে দেখা হলো। বউ-বাচ্চাদের নিয়ে এসেছি। খুবই ভালো লাগছে।’
বেলা ১১টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা। এ সময় তিনি বলেন, ফরিদপুরের কৃতী সন্তান অম্বিকাচরণ মজুমদারের হাত ধরে ১৯১৮ সালে মাত্র ২৯ জন শিক্ষার্থী নিয়ে কলেজের যাত্রা শুরু। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার। তিনি বলেন, ‘শিক্ষার মূল উদ্দেশ্য দেশপ্রেম। আমরা যে কাজই করি না কেন, তা যেন ভালোবাসার সঙ্গে করি। এ জন্য সততা, নিষ্ঠা, মেধা ও মনন থাকতে হবে। শুধু বইয়ের মধ্যে মুখ গুজে রাখলে চলবে না, প্রকৃতির মধ্যে নিজেদের মেলে ধরতে হবে।’
সমাজকর্ম বিভাগের প্রধান এ বি এম সাইফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের উপাধ্যক্ষ এস এম আবদুল হালিম, সাবেক বিভাগীয় প্রধান এ কে এম মঞ্জুর রেজা বক্তব্য দেন। শুভদীপ বিশ্বাস ও সাইফুর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক মো. লুৎফর রহমান।
পুনর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা, হাঁড়িভাঙা প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা ইত্যাদি। দুপুরে খাবারের আয়োজনের পাশাপাশি বিকেলে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।
সমাজকর্ম বিভাগের প্রধান এ বি এম সাইফুর রহমান বলেন, কলেজের ইতিহাসে বিভাগের উদ্যোগে পুনর্মিলনীর আয়োজন এবারই প্রথম। ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে স্নাতক প্রথম বর্ষে ৫০ জন শিক্ষার্থী নিয়ে বিভাগের যাত্রা শুরু। ২০০১-০২ থেকে স্নাতকোত্তর কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, ‘সেতুবন্ধন’ নামে সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপ আছে। তাদের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা সম্ভব হয়েছে।