সাতক্ষীরার কলারোয়ায় আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুল ইসলাম। তাঁকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে কলারোয়ার চন্দনপুরে নির্বাচনী জনসভায় অংশ নেন হাবিবুল ইসলাম। বক্তব্যের এক পর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম জানান, বুধবার রাত থেকে তাঁর চাচা হাবিবুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও চন্দনপুরে ফুটবল মাঠে পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় জনসভায় অংশ নেন। সেখানে অনেক মানুষের উপস্থিতিতে বিকেল পাঁচটার দিকে তিনি বক্তব্য দিতে শুরু করেন। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। জনসভা থেকে তাৎক্ষণিক তাঁকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মেডিসিন বিশেষজ্ঞ মো. আসাদুজ্জামানের তত্ত্বাবধানে তিনি বর্তমানে হাসপাতালে পর্যাবেক্ষণে রয়েছেন। তাঁর জ্ঞান ফিরেছে।