যেকোনো সময় সেতুটি ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। সেতুটির নিচ দিয়ে গেছে গ্যাসের ১০ ইঞ্চি মোটা পাইপলাইন।
ইটের খোয়া উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। কোনো কোনো গর্তের গভীরতা তিন থেকে চার ইঞ্চি। বিভিন্ন স্থানে বের হয়ে গেছে রড। ভেঙে গেছে দুই পাশের রেলিং। ঝুঁকিপূর্ণ সেতুটির অবস্থান নারায়ণগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর খালের ওপর। এই সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য ভারী যানবাহন ও মানুষের চলাচল। ভারী যানবাহন চলাচলের সময় কেঁপে ওঠে সেতুটি।
যেকোনো সময় সেতুটি ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এই সেতু দিয়ে নিয়মিত যাতায়াতকারী বাসিন্দা রিপন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভেঙে আছে। দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। সেতুর নিচ দিয়ে তিতাস গ্যাসের পাইপলাইন গেছে, সেতু ধসে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
সরেজমিনে দেখা যায়, ডিএনডির পানি নিষ্কাশনের খালের ওপর সেতুটির নিচ দিয়ে তিতাস গ্যাসের ১০ ইঞ্চি মোটা পাইপলাইন গেছে। এটা ওই এলাকার গ্যাসের মূল পাইপলাইন। সেতু দিয়ে মালবাহী কভার্ড ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এই সেতু দিয়ে আশপাশের দক্ষিণ সস্তাপুর, সস্তাপুর, কোতালের বাগ, ইসদাইর ও কুতুবআইল এলাকার ২৫ হাজারের বেশি মানুষের যাতায়াত। এ ছাড়া প্রতিদিন ফতুল্লা শিল্পাঞ্চলের শত শত মালবাহী যানবাহন চলাচল করে। তবে সেতুর অবস্থা এতটাই নাজুক যে ভেঙে পড়তে পারে যেকোনো সময়।
সেতুটির গুরুত্ব তুলে ধরে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক এম এ করিম প্রথম আলোকে বলেন, এই সেতু দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের যানবাহন ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যেতে পারে। একইভাবে পুরাতন সড়কের যানবাহন এই সেতু দিয়ে লিংকরোডে উঠতে পারে। সেতুটি স্থানীয় যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এলাকাবাসী জানান, ১৯৮৫ সালের দিকে এই সেতু নির্মাণ করা হয়েছিল। এরপর আর সংস্কার করা হয়নি। কাভার্ড ভ্যানচালক আকরাম আলী বলেন, পার হওয়ার সময় সেতুটি কেঁপে ওঠে। ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। সেতুতে উঠলে আতঙ্ক কাজ করে। শঙ্কার কথা জানিয়ে ওই এলাকার বাসিন্দা আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, সেতু ভেঙে যেভাবে বড় গর্তের সৃষ্টি হয়েছে, তাতে যেকোনো সময় ধসে পড়তে পারে।
সেতুর ঝুঁকির বিষয়টি জানা আছে উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘সেতুটি আমি নিজে দেখেছি। সেতুর অনেক জায়গা ভেঙে গেছে, গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর নিচ দিয়ে তিতাস গ্যাসের পাইপলাইনও গেছে। দুর্ঘটনা আশঙ্কা রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’