কুষ্টিয়ার দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের এই বাড়িতে থাকতেন শাহ আলম। অগ্নিকাণ্ডের পর স্ত্রী–সন্তানদের নিয়ে এক কাপড়ে বের হতে পেরেছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে তোলা
কুষ্টিয়ার দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের এই বাড়িতে থাকতেন শাহ আলম। অগ্নিকাণ্ডের পর স্ত্রী–সন্তানদের নিয়ে এক কাপড়ে বের হতে পেরেছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে তোলা

নুসরাতের বাড়িতে আগুন

‘পিন্দনে খালি লুঙ্গিডা আছে, এখন কী করি খাব’

‘আমি মাস্টার সাহেবের (সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম) বাসায় থাকি। হঠাৎ রাত ১২টা ১০ মিনিটের পর বোমের মতো একটা শব্দ, তারপর আগুন জ্বইলি ওঠে। পাশের ঘরে আমার মেয়ের গায়ে আগুন খুইলি পড়িছে। মেয়ে জানতে পাইয়ি আমাদের তাড়াহুড়া কইরি বাইর করে।’

কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা শাহ আলম (৪৭)। তাঁর নিজের বসতভিটা নেই। সে কারণে কয়েক বছর ধরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে থাকতেন।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতদের পৈতৃক বাড়িতে

গতকাল বুধবার রাতে আগুনে ওই বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এর মধ্যে দুটি কক্ষে স্ত্রী আদুরী খাতুন (৩৯), মেয়ে রিক্তা খাতুন (১৩) ও ছেলে আরিয়ানকে (৩) নিয়ে থাকতেন শাহ আলম। আরেকটি কক্ষে স্যান্ডেল তৈরির যন্ত্রপাতি ছিল, সেসব পুড়ে গেছে।

শাহ আলম প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে প্রথম বুঝতে পারে। ওর ওড়না পুড়ে গেছে। মেয়ে এসে টেনে বের না করলে সবাই মারা যেতেন। ওপরে হয়তো পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে ভ্যানের চাবি খুঁজছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে তোলা

শাহ আলম আরও বলেন, ‘ঘরে ৫০–৬০ হাজার টাকা ছিল; কিচ্ছু বাইর করতি পারিনি। সব পুড়ি ছাই হয়ে গেছে। তিন–চার লাখ টাকার যন্ত্রপাতি ছিল, সব শ্যাষ। লেপ–তোশক সব শ্যাষ পুইড়ি। পিন্দনে খালি লুঙ্গিডা আছে। পরিবারের আর কিচ্ছু নাই।’

শাহ আলম বলেন, ‘আমার বাড়িঘর নাই। নুসরাতের বাবা আমাদের এই ঘরে থাকতে দিছেন। ভাড়া নেয় না। চাল–ডাল দিয়ে সহযোগিতাও করে। এখন আর কিছুই নাই। কী করি খাব, সেই চিন্তা এখন।’

পুড়িয়ে দেওয়া বাড়ি ঘুরে দেখছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে

ব্যাটারিচালিত ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে ফল বিক্রি করেন বলে জানান শাহ আলম। এর আগে তিনি স্যান্ডেল তৈরি করে বিক্রি করতেন।

এর আগে আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, ‘এই বাড়িতে একটি অসহায় পরিবার থাকত; যারা আমাদের সাথে প্রায় পাঁচ-ছয় বছর ধরে আছে। তাঁরা আমাদের পরিবারেরই অংশ হয়ে গেছেন; তাঁরা আমাদের এই বাড়ি দেখভাল করতেন।’