
সাতক্ষীরা সদর উপজেলায় নাশকতার মামলায় জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম এ কে এম আজাহারুজ্জামান ওরফে মুকুল (৫০)। তিনি বল্লী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে আখড়াখোলা বাজার এলাকায় নিজ কর্মস্থলের প্রধান ফটক থেকে আজাহারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা সদরের হাজীপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
আজাহারুজ্জামানের ছেলে তৌফিকুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁর বাবা আজ সকালে কর্মস্থল বল্লী মুজিবুর রহমান বিদ্যালয়ে যান। বেলা পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের মূল ফটকের বাইরে এলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মো. তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, ৩০ নভেম্বর নাশকতার পরিকল্পনা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাতক্ষীরা সদর থানায় উপপরিদর্শক তন্ময় দেবনাথের করা মামলায় আজাহারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।