
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন ও প্রকৌশল কার্যালয়ের বিভিন্ন পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ও ৫ মার্চ অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয়ের হেলপার পদে এবং ১১ মার্চ প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। এ ছাড়া ১২ মার্চ পরিবহন কার্যালয়ের ড্রাইভার পদের ‘জব টেস্ট’ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরে এ নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ ও সময় জানানো হবে।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছয়টি নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করল কর্তৃপক্ষ। ১৯ ফেব্রুয়ারি অনিবার্য কারণে ২০ ও ২২ ফেব্রুয়ারির মেডিকেল অফিসার পদের বোর্ড, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের প্রভাষক পদের বোর্ড, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালামের ‘কণ্ঠসদৃশ’ কথোপকথনের তিনটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনটি নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার দিনের বিভিন্ন সময় ‘ফারাহ জেবিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালামের ‘কণ্ঠসদৃশ’ কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। এগুলোর প্রথমটি ৬ মিনিট ১২ সেকেন্ডের, দ্বিতীয়টি ১ মিনিট ৪৯ সেকেন্ড ও তৃতীয়টি ২ মিনিট ১৯ সেকেন্ডের। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অডিও তিনটি পর্যালোচনা করে দেখা গেছে, সম্প্রতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নিয়োগ বোর্ড স্থগিতের বিষয় নিয়ে নিয়োগপ্রার্থী ও বর্তমানে ওই বিভাগের খণ্ডকালীন শিক্ষক অলিউর রহমানের সঙ্গে উপাচার্যের ‘কণ্ঠসদৃশ’ ওই ব্যক্তির কথা হয়। তবে অডিওতে অলিউর রহমানের কথা শোনা যায়নি।