চট্টগ্রামের পটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করা এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৫৫)। তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর বাড়ি পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকায়। গত বুধবার তাঁকে কুপিয়ে জখম করা হয়। এরপর চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, আবুল কাশেমের সঙ্গে তাঁর এক প্রতিবেশীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধীয় জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টার সময় আবুল কাশেমকে বাধা দেন। এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বাধে। এর একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আবুল কাশেম, তাঁর ভাই আবুল কালাম (৫০) ও আবু মুসাকে (৪৭) কুপিয়ে জখম করা হয়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে আবুল কাশেমের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক।
আবুল কাশেমের ভাই আবুল মনসুর প্রথম আলোকে বলেন, আবুল কাশেমকে মাথায় ধারালো কিরিচ দিয়ে জখম করা হয়েছিল। ইকবাল হোসেন নামের এক প্রতিবেশী আরও কয়েকজনকে নিয়ে আবুল কাশেমের ওপর হামলা করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আবুল কাশেমকে কুপিয়ে জখম করার ঘটনায় গতকাল রোববার থানায় একটি মামলা হয়েছে। ইকবাল হোসেন নামের এক প্রতিবেশীসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে সেই মামলায় আসামি করা হয়। সেই মামলা হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।