
বাড়ির পাশের নালায় জাল দিয়ে মাছ ধরছিলেন জমির উদ্দিন। এ সময় জাল টানতে গিয়ে ভারী কিছু অনুভব করেন তিনি। পরে জমির উদ্দিন জাল ওপরে টেনে দেখেন, সেখানে প্রতিবেশী শিশু আয়নের (৪) লাশ আটকে আছে।
আজ সোমবার দুপুরে পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জামাদারগছ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আয়ান একই এলাকার সাইজউদ্দিনের ছেলে।
নিহত শিশুর পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই-খুদা বলেন, আজ সকালে জামাদারগছ এলাকার সাইজউদ্দিন তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ির পাশের নালায় পাটের আঁশ ছাড়াতে যান। এ সময় তাঁদের চার বছরের শিশু আয়ান অন্যান্য শিশুর সঙ্গে বাড়িতেই খেলছিল। পাটের আঁশ ছাড়ানো শেষে সাইজউদ্দিন তাঁর স্ত্রীকে নিয়ে দুপুরের খাওয়ার জন্য বাড়িতে যান। এ সময় তাঁরা খোঁজ পান, স্থানীয় জেলে জমির উদ্দিনের জালে আয়ানের লাশ উঠে এসেছে। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা বলেন, ওই নালা মহানন্দা নদীর সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে। মা–বাবার পাটের আঁশ ছাড়ানোর সময় শিশুটি সবার অজান্তে নালায় পড়ে গেছে বলে স্বজনেরা ধারণা করছেন। এ ঘটনায় জামাদারগছ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।