চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জামায়াতে ইসলামীর ৩০ জন’ কর্মী-সমর্থককে ফুলের মালা পরিয়ে বিএনপিতে বরণ করা হয়। গতকাল উপজেলার নাক কাটিতলা এলাকায়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জামায়াতে ইসলামীর ৩০ জন’ কর্মী-সমর্থককে ফুলের মালা পরিয়ে বিএনপিতে বরণ করা হয়। গতকাল উপজেলার নাক কাটিতলা এলাকায়

চাঁপাইনবাবগঞ্জে ‘জামায়াতের ৩০ কর্মীর’ বিএনপিতে যোগদান, জামায়াত বলছে ‘আওয়ামী লীগের কর্মী’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জামায়াতে ইসলামীর ৩০ জন’ কর্মী-সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাক কাটিতলা এলাকায় এক নির্বাচনী পথসভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। তবে এসব কর্মীকে ‘আওয়ামী লীগের’ বলে উল্লেখ করেছে জামায়াত।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন ধাইনগর ইউনিয়নের আবদুস সালাম, আলাউদ্দিন, আরিফ, লিয়াকত আলীসহ কয়েকজন।

ওই পথসভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা। তিনি বলেন, ‘আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামীর ৩০ জন কর্মী-সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। এই যোগদান আমাদের ক্রেডিট নয়। জামায়াতের নানা অবান্তর ইসলামবিরোধী কথাবার্তা ও কর্মকাণ্ডের কারণেই তাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন। তাঁদের আমি অভিনন্দন জানাই।’

ধাইনগর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে আসগরের সভাপতিত্বে ওই নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম প্রমুখ। এ ছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রতিবাদলিপি দিয়েছেন জামায়াতের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন শাখার আমির মোজতাহিদুল ইসলাম। এতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, জামায়াতে ইসলামী থেকে কয়েকজন নেতা–কর্মী বিএনপিতে যোগদান করেন। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

মোজতাহিদুল ইসলামের দাবি, ‘আমাদের ইউনিয়নের কোনো নেতা–কর্মী বা সমর্থক বিএনপিতে যোগদান করেননি। যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’