সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজশাহীতে অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে তিনজন নিহত

রাজশাহীর বাঘায় সিএনজিচালিত অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার চণ্ডীপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহত তিনজন হলেন লালপুরের নওপাড়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক শরিফুল ইসলাম (৪৫), যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের রকেনা বেগম (৯০)।

এ দুর্ঘটনায় আন্দী গ্রামের শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের সীমা বেগম (৫০) আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের লালপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথে বাঘা-লালপুর সড়কে বাঘা উপজেলার চণ্ডীপুরে নছিমনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার তিনজন নিহত হন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই জব্দ করা হয়েছে।

এদিকে গতকাল রোববার রাত ১০টার দিকে রাজশাহী নগরের কাজিহাটা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. রিফাত (২০)। দুর্ঘটনার পর ট্রাক জব্দের পাশাপাশি চালক হেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। রাতে রাজপাড়া থানায় নিহত ব্যক্তির বাবা মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি আবদুল মালেক।